আজ (সোমবার, ৮ জুন) বিকেলে ৪টায় নওগাঁ পুলিশ মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— তুলার বাঐল গ্রামের এজামুলের ছেলে হামিদুল ইসলাম (৩৫) এবং মৃত আজমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গত শনিবার (৬ জুন) পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করার জন্য নিয়মাতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমকে নির্দেশনা প্রদান করা হয়। এ ঘটনায় রোববার রাতে হামিদুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে কথাবার্তা সন্দেহ হলে তার বিষয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়। এক পর্যায়ে সে নিজেকে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করে।’
আরও পড়ুন:
তার দেয়া তথ্যমতে তুলার বাঐল গ্রামের একটি বাড়িতে রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করাসহ হামিদুল ইসলাম ও রশিদকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত আছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তারা ওই বাড়িতে কখনো ট্রাকে কখনো হাইস মাইক্রোতে করে নিয়ে আসে। দোতালার মাটির বাড়িটি মাদকের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো।
এসব গাঁজা জেলার বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী জেলায় পাইকারি ও খুচরা গাজার বিক্রি করা হয়। মাদক ব্যবসার টাকা ছাড়াও প্রতি ৩০ কেজি গাঁজাতে বাড়ির মালিক হিসেবে হামিদুল পাঁচ হাজার টাকা করে পেয়ে থাকে। এ বিষয়ে নিয়ামতপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। এর সঙ্গে আরও যারা জড়িত সে বিষয়ে গভীরভাবে পুলিশ তদন্ত করছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ আগামী দিনগুলিতে অভিযান আরও জোরদার করবে।’





