দিনদুয়েক পর ক্রিকেট বোর্ডের নির্বাচন। যেখানে ১২ পদের বিপরীতে লড়বেন ১৬ প্রার্থী। ভোটার ৭৬ কাউন্সিলর। ভোটাভুটির আগে সব প্রার্থী এবং ভোটারদের দেখা গেল ‘কাউন্সিলর মিট অ্যান্ড গ্রিট সেশনে’।
ক্লাব ক্যাটাগরিতে নির্বাচনে আসা সব পরিচালক প্রার্থীদের নিয়ে এমন উদ্যোগে সন্তুষ্টি সবার কণ্ঠে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রার্থী ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘প্লেয়িং ফিল্ড সমান। তো আমার মনে হয় এজন্য সবাই সন্তুষ্ট। আমরা চেষ্টা করছি সবার সঙ্গে যোগাযোগ করার জন্য। সবার কাছেই ভোট চাচ্ছি। ইন শা আল্লাহ একটা ভালো, উৎসবমুখর, সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করি।’
বিসিবির আরেক পরিচালক প্রার্থী শানিয়ান তানিম বলেন, ‘আমাদের সিনিয়ররা গত বোর্ড থেকে শুরু করে তার আগে যারা ছিলেন তারা কিন্তু আমাদের জন্য একটা প্লাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন। আমার কাছে মনে হয় প্রার্থীর তালিকা দেখলে অনেক নতুন মুখ দেখবেন। তো আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ এটা দেখানো জন্য যে বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।’
নির্বাচনের ফল যাইই হোক, সবকিছু ছাপিয়ে ক্রিকেটের জন্য আগামী বোর্ড ইতিবাচক কিছু দেখবে এমনটাই প্রত্যাশা করেন প্রার্থীরা।
আরেক পরিচালক প্রার্থী মাসুদুজ্জামান বলেন, ‘৭ তারিখ যে নির্বাচন হবে আমি আশা করি ক্রিকেট সঠিক পথে থাকবে ইন শা আল্লাহ।’
কাউন্সিলর তালিকা এবং ই-ভোট নিয়ে বেশ কিছু বিতর্ক থাকলেও আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে এমনই প্রত্যাশা সকলের। প্রার্থীদের পক্ষ থেকে এমন আয়োজনকে দেশের ক্রিকেটে আগামীদিনের জন্য ইতিবাচক বলছেন ভোট দিতে যাওয়া কাউন্সিলররাও।





