ঈদে গ্রামগঞ্জ-হাটবাজারের আড্ডায় সাধারণ মানুষের কথা শুনছেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী | ছবি: এখন টিভি
0

ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে ঘুরে ঘুরে নিজ সংসদীয় এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি তাকে গ্রামের চায়ের দোকানে মধ্যরাতের আড্ডায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এ সময় এলাকার মানুষ তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

স্থানীয়দের সঙ্গে প্রাণবন্ত এ আড্ডায় কেউ রাস্তাঘাটের সমস্যা, কেউ জনসেবা সংক্রান্ত বিষয়, আবার কেউ স্থানীয় উন্নয়ন নিয়ে মতামত জানান। প্রতিমন্ত্রী সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, ঈদের সময় জনপ্রতিনিধিকে এভাবে সাধারণ মানুষের সঙ্গে বসে কথা বলতে দেখে তারা আনন্দিত। এতে এলাকার মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা জানানোর সুযোগ পাচ্ছেন এবং জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানুষের পাশে থাকারও সময়।’ এলাকার মানুষের কথা শুনতে, তাদের খোঁজ নিতে এবং সরাসরি সমস্যাগুলো জানতে তিনি মানুষের কাছে যাচ্ছেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সম্প্রতি ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি উপজেলার খারুয়ার হাটশিরা এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন তিনি। এ সময় তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে সরকার সবসময় পাশে আছে। ঝড়-বন্যা কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পরিদর্শনকালে তিনি হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পশুর দাম, বেচাকেনার অবস্থা, হাটের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

হাটে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এএইচ