আজ (শনিবার, ২৩ মে) সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে অবস্থিত সুমনা ট্রেডার্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন পাশের বিধান ট্রেডার্সে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
অগ্নিকাণ্ডে সুমনা ট্রেডার্সে থাকা ১৩টি ব্যাটারিচালিত অটোরিকশা, ব্যাটারি, যন্ত্রাংশ ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া বিধান ট্রেডার্সেরও বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও তাদের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
অন্যদিকে, একই দিন ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে আল আমিন আহমেদের মালিকানাধীন এমবি ফার্নিচার অ্যান্ড অ্যালুমিনিয়াম নামে একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানে থাকা ফার্নিচার, অ্যালুমিনিয়াম ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কামাল হোসেন এবং মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক পৃথকভাবে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।




