ঢেলে সাজানো হচ্ছে জাতীয় স্টেডিয়াম, সাফের ভেন্যু হতে পারে সিলেটও

জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গ্রাউন্ডস কমিটির সদস্যরা
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গ্রাউন্ডস কমিটির সদস্যরা | ছবি: এখন টিভি
0

ঢেলে সাজানো হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম। এছাড়া পুরো স্টেডিয়ামে সম্পূর্ণ নতুন করে এক প্রজাতির ঘাস লাগানো হবে। গতকাল (শনিবার, ৯ মে) স্টেডিয়াম পরিদর্শন শেষে জানিয়েছেন বাফুফের নবনির্বাচিত গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এদিকে সাফের ভেন্যু তালিকায় জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি সিলেটকেও রাখতে চায় বাফুফে।

দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে ১৫৮ কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল জাতীয় স্টেডিয়াম। যার মাঝে ১০ লাখ টাকা খরচ করে লাগানো হয়েছিল নতুন ঘাস। তবে মাত্র ১০ মাস ও ৮ ম্যাচ পরই সেই ঘাস তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে নতুন করে বসানো হচ্ছে ঘাস।

মূলত মাঠে একসঙ্গে কয়েক প্রজাতির ঘাস থাকায় জাতীয় স্টেডিয়াম খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। এবার এক প্রজাতির ঘাস লাগাতে চায় বাফুফে।

বাফুফে গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘দু’রকম ঘাস ছিল। ওখান থেকে আমরা চুজ করে দেব আজকের ভেতরে কোন ঘাসটা লাগাবো। বারমুডা বা জয়শারা ভ্যারাইটির দুটোর ভেতরে একটা হবে। আমরা চাচ্ছি যে পুরো জাতীয় স্টেডিয়ামে যে আশপাশে ঘাস গাছ আছে এটাকে আমরা উইডিং করে ফেলবো। এটা ওঠিয়ে ফেলবো। ওইটা ফেলে তখন আমরা আবার রোপণ করবো এখানে।’

এই সুযোগে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমও ঢেলে সাজানো হচ্ছে। সংস্কারের পর আগের চেয়ে অনেক কম সময়েই পানি নিষ্কাশন হবে বলে জানান গ্রাউন্ডস কমিটির এ সদস্য।

আরও পড়ুন:

তাজওয়ার আউয়াল বলেন, ‘ড্রেনেজের ভেতরে জিওব্যাগ করে দিয়েছি যেন পানিটা জিওব্যাগের ভেতরে ঢুকে বের হয়ে যায় বা কোনো ময়লা যেন না হয়। একটা ফিল্টারেশন সিস্টেম করে দিয়েছি। প্রায় ২০ মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। উনারা যে কাজ করেছে এখন ১২ থেকে ১৩ মিনিটের ভেতরে মধ্য মাঠ থেকে পানি কমে যাবে।’

এদিকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগেই সংস্কারকাজ সম্পন্ন করতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মূল ভেন্যু জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি সিলেটকেও ভাবনায় রাখছে বাফুফে।

বাফুফে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘আমরা আপাতত ঢাকা স্টেডিয়ামটা তৈরি করি। এটার পরে আমরা সিলেট স্টেডিয়ামটাকে পুনর্সংস্কার করবো।’

মেটাফোর স্পোর্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের হেড অব অপারেশনস প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা শিডিউল যেটা দিয়েছি ফেডারেশনকে তার থেকে অ্যাডভান্সে আছি। আশা করছি আমরা আগস্টের ২০ তারিখের মধ্যে পারবো।’

এবারের সংস্কার কার্যক্রমে সবমিলিয়ে ব্যয় ধরা হয়েছে ৬২ লাখ টাকা। এনএসসির সঙ্গে চুক্তি অনুযায়ী এর পুরোটাই বহন করতে হবে বাফুফেকে।

ইএ