লা লিগা ইতিহাসের সেরা শুরুটাই পেয়েছিল বার্সেলোনা। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে একে একে তুলে নিয়েছিল ৯ জয়। চ্যাম্পিয়ন্স লিগসহ সংখ্যাটা ছিলো ১১।
কিন্তু বার্সেলোনাকে বাস্তবতা চিনিয়েছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে আর লা লিগায় রিয়ালের কাছে তাদের হারতে হয়েছে ২-১ ব্যবধানে।
টানা তৃতীয় হার এড়ানোর লক্ষ্য নিয়ে এবার আলাভেসের সামনে বার্সেলোনা। ২০১৬ সালের পর থেকে নানা দুঃসময়েও কখনো টানা তিন ম্যাচ হারতে হয়নি বার্সাকে। ১০ বছর আগের সেই অতীতে ফিরতেও চাইবেন না তরুণ প্রজন্মের দলটি।
প্রতিপক্ষ আলাভেসও চাইলে নিজেদের মেলাতে পারে বার্সেলোনার সঙ্গে। তারাও ভালো শুরুর পর মুখ থুবড়ে পড়েছে শেষ কয়েক ম্যাচে। লিগের প্রথম চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট পাওয়া দলটি পরের ৬ ম্যাচ থেকে পেয়েছে মোটে ২ পয়েন্ট।
বর্তমানে আছে টেবিলের ৭ম স্থানে। বার্সেলোনার বিপক্ষে সবশেষ ম্যাচে জিতলেও সামগ্রিক রেকর্ড সুখকর না আলাভেসের। শেষ ২০ দেখায় বার্সা জিতেছে ১৬ ম্যাচ। আলাভেসের জয় ২ ম্যাচে।
বার্সেলোনার ইনজুরির সমস্যাও আছে এই ম্যাচে। বার্সা পাচ্ছে না লেফটব্যাক জাভি এসপার্টকে। আগের ম্যাচে গোড়ালির ইনজুরি ভোগাচ্ছে তাকে। তবে, রাত ২টায় শুরু হওয়া ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামবে ব্লু-গ্রানারা।





