সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ফসল রক্ষা বাধ
ফসল রক্ষা বাধ | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের শাল্লায় রাতের আঁধারে ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত উপজেলা উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুরের মধ্যের বাঁধটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ করছে।

এরইমধ্যে উপজেলা প্রশাসন বাঁধটি পরিদর্শন করে ভাঙা অংশ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে যারা এমন কাজ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানানো হয়।

শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ‘ছায়ার হাওরে জলাবদ্ধতায় কিছু ধান নষ্ট হয়েছে তবে অধিকাংশ ধান কৃষকরা কেটে ঘরে তুলেছেন। পাশাপাশি ভাঙা বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’

এএইচ