যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘অলীক কল্পনা’ বললো ইরান; আঙুল ট্রিগারে রাখার হুঁশিয়ারি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই | ছবি: সংগৃহীত
0

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা প্রায় চূড়ান্ত—মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর এমন প্রতিবেদনকে নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এই প্রস্তাবকে ‘আমেরিকার অলীক কল্পনা’ বলে অভিহিত করেছেন। তার মতে, প্রস্তাবিত খসড়াটি বাস্তবসম্মত নয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে রেজাই বলেন, ‘আমেরিকা সামনাসামনি আলোচনায় যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, হেরে যাওয়া যুদ্ধে তারা সেটাও পাবে না। ইরানের আঙুল এখন ট্রিগারে এবং আমরা পুরোপুরি প্রস্তুত।’ তিনি আরও হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি নতি স্বীকার না করে বা প্রয়োজনীয় ছাড় না দেয় এবং তাদের ‘অনুচররা’ কোনো ধরনের শয়তানি করার চেষ্টা করে, তবে ইরান অত্যন্ত কঠোর ও অনুশোচনামূলক জবাব দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির সংবাদ সংস্থা ইসনাকে জানিয়েছেন, মার্কিন প্রস্তাবটি এখনো তেহরানের পর্যালোচনায় রয়েছে। পর্যালোচনা শেষ হলে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের মতামত জানানো হবে। ইসনার প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের প্রস্তাবে কিছু ‘অতিরিক্ত ও অবাস্তব’ দাবি রয়েছে যা ইরানের কর্মকর্তারা এরই মধ্যে প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে ইরান কেবল ‘যুদ্ধ বন্ধের’ বিষয়টি নিয়ে ভাবছে, পারমাণবিক ইস্যু নিয়ে এখন কোনো আলোচনা হচ্ছে না।

এদিকে অ্যাক্সিওসের দাবি, ওয়াশিংটন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তেহরানের জবাব আশা করছে। ওই প্রস্তাবের একটি শর্ত ছিল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি ‘সম্মত হওয়া বিষয়গুলো’ মেনে না নেয়, তবে পুনরায় যুদ্ধ শুরু করা হবে। যদিও সেই ছাড়গুলো আসলে কী, তা তিনি স্পষ্ট করেননি।

এএম