পশ্চিমবঙ্গ বিজেপির বার্তা ‘খেলা শেষ’

বিজেপির নির্বাচনি প্রচারণার ফাইল ছবি
বিজেপির নির্বাচনি প্রচারণার ফাইল ছবি | ছবি: সংগৃহীত
2

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের প্রাথমিক ট্রেন্ডে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সবশেষ খবর অনুযায়ী, বিজেপি ১৯২টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যা গরিষ্ঠতার পথে রয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৯৪টি আসনে।

দুই দলের আসনের ব্যবধান ১০০ ছুঁইছুঁই অবস্থায় বিজেপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট কিন্তু ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে ‘খেলা শেষ’। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’র পাল্টা জবাব হিসেবেই বিজেপি এই বিজয় বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে গণনার এই প্রাথমিক চিত্রে দমে না গিয়ে কর্মী-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, এটি বিজেপির একটি পরিকল্পিত চাল এবং নির্বাচন কমিশন অনেক জায়গায় গণনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুন:

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দয়া করে কোনো প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। আমি গতকাল থেকেই বলছি, ওরা (বিজেপি) আগে নিজেদের এগিয়ে থাকা আসনগুলো দেখাবে, আমাদেরগুলো দেখাবে পরে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেগুলোর তথ্যে কোনো মিল নেই।’

কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা অভিযোগ করেন, ‘কেন্দ্র জোর করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে এবং জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করা হয়েছে।’

আরও পড়ুন:

তৃণমূল নেত্রী আরও বলেন, ‘মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পর আপনারা জিতবেন। ১৮-১৯ রাউন্ডের মধ্যে মাত্র তিন-চার রাউন্ড শেষ হয়েছে। অপেক্ষা করুন এবং দেখুন (ওয়েট অ্যান্ড সি)। আপনারা সবাই জিতবেন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।’

রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বর্তমান ট্রেন্ড বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটতে পারে। তবে মমতার দাবি অনুযায়ী, পরের রাউন্ডগুলোতে ফলাফল ঘুরে যায় কি না, সেদিকেই এখন সবার নজর।

এনএইচ