মার্কিন নিষেধাজ্ঞা মানবে না চীন; তেল শোধনাগারগুলোকে সুরক্ষা দিচ্ছে বেইজিং

চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা প্রতীকী ছবি
চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইরানি তেল কেনার অভিযোগে চীনের পাঁচটি তেল শোধনাগার বা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা আটকে দিয়েছে বেইজিং। আজ (শনিবার, ২ মে) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে এই মার্কিন নিষেধাজ্ঞা ব্লক করার ঘোষণা দেয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ে খবর জানিয়েছে।

নিষেধাজ্ঞার কবলে পড়া পাঁচটি প্রতিষ্ঠান হলো—হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি এবং ছোট আকারের শোধনাগার ‘শ্যানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ’, ‘হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ’, ‘শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল’ ও ‘শ্যানডং শেংক্সিং কেমিক্যাল’।

তেহরানের তেলের রাজস্ব বন্ধ করার অংশ হিসেবে গত এপ্রিলে মার্কিন অর্থ মন্ত্রণালয় হেংলি পেট্রোকেমিক্যালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওয়াশিংটনের অভিযোগ, এই প্রতিষ্ঠানটি ইরানের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল কিনেছে। অন্য চারটি শোধনাগারের ওপর ট্রাম্প প্রশাসন গত বছরই নিষেধাজ্ঞা জারি করেছিল।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন এই নিষেধাজ্ঞা ‘আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মাবলির চরম লঙ্ঘন’। বেইজিং স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় এই ধরনের একতরফা নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করবে না।

এএম