সাতক্ষীরায় পুকুরে মিললো নারী ব্যবসায়ীর মরদেহ

সাতক্ষীরা সদর থানা
সাতক্ষীরা সদর থানা | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার এক পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামের এক নারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে দুর্বৃত্তরা হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে শহরের থানাঘাটা বউবাজার এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথীকা সাধু বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল (রোববার, ২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টার মধ্যে দোকানে যাওয়ার বা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, দোকানে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে হামলা চালায়। এসময় তাকে মাথা ও কপালে ইট বা ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের।

আরও পড়ুন:

পরে মরদেহ পাশের পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের গহনাও নিখোঁজ রয়েছে বলে জানায় তার পরিবার।

এদিকে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিলার শরীরে থাকা স্বর্ণের গহনা ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ভোররাত ৪টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এসএইচ