ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল (রোববার, ২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের হাবলিপাড়া গ্রামের পশ্চিম পাড়া ও পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক সপ্তাহ আগে হাবলিপাড়া গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা বোরহান মিয়া পূর্বপাড়া এলাকার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। কিন্তু বিকাশে টাকা পাঠাতে দেরি হওয়ায় বোরহান মিয়া অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন।

আরও পড়ুন:

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। রোববার বিকেলে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে ফের তর্কে জড়ায় শিহাব ও বোরহান। পরে উভয়পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জেআর