আজ (বুধবার, ২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সাগরদী রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫০ লাখ গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান চলাকালে ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে বিশেষ পদ্ধতিতে বিভিন্ন ড্রামে রেনুপোনা সংরক্ষণ করে পরিবহন করা হচ্ছিলো। এসময় ঘটনাস্থল থেকে ৪০টি ড্রামও জব্দ করা হয়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে রেনুপোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করলে চক্রটির সদস্যরা পালিয়ে যায়।
অভিযানের সময় ট্রাকের চালক, হেলপার এবং চার থেকে পাঁচজন শ্রমিক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইজাজুল হক জানান, উদ্ধার করা রেনুপোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া জব্দকৃত ট্রাকটি উপজেলা মৎস্য দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।





