প্রায় পাঁচ মাস পর আবারও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের চেনা কন্ডিশনে নিউজল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। সবশেষ ৬টি টি-টোয়েন্টি সিরিজের ৫টিতেই জয়ের আত্মবিশ্বাস থাকলেও, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ভেন্যুতেই হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতিটাও টাটকা।
সাগরিকার উইকেট সাধারণত ব্যাটিং বান্ধব হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংগ্রহ ঘোরাফেরা করছে ১৫০-১৬০ রানের ঘরে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তুলনামূলক কম ব্যস্ত এই ফরম্যাটে তরুণদের সুযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট তরুণদের আত্মবিশ্বাস দেয়। নতুন কিছু খেলোয়াড় এসেছে, তাদের গড়ে তোলা জরুরি। একই সঙ্গে জেতার জন্য ভারসাম্যও রাখতে হবে। এখন বিশ্বকাপ না থাকলেও এ ফরম্যাট থেকে খেলোয়াড় তৈরি করে ওয়ানডেতেও নেয়া সম্ভব। তাই টি-টোয়েন্টি দল গড়া ও বেঞ্চের শক্তি বাড়ানোর এটা বড় সুযোগ।’
নিউজিল্যান্ড দলেও এসেছে ব্যাপক পরিবর্তন, কারণ তাদের মূল তারকাদের অনেকেই ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। কিউই স্পিনার ইশ সোধি জানালেন, নাহিদ রানা বা মুস্তাফিজের মতো পেসারদের অনুপস্থিতি তাদের জন্য কিছুটা স্বস্তির। তবে রিশাদ হোসেনদের প্রশংসা করে বলেন কাজটা সহজ হবে না মোটেও।
আরও পড়ুন:
ইশ সোধি বলেন, ‘রিশাদ অসাধারণ। বিগ ব্যাশে তার পারফরম্যান্সই বলে দেয় যে, সে কতটা বহুমুখী! সে প্রচুর বাউন্স পায়, যা এ অঞ্চলে বিরল।’
সোধি মুস্তাফিজ ও নাহিদের অনুপস্থিতির বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘দেখুন মুস্তাফিজ ও নাহিদ না থাকাটা অবশ্যই পার্থক্য গড়ে দেবে। থবে নতুন খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তাও থাকে। অভিজ্ঞদের বিরুদ্ধে পরিকল্পনা করা সহজ, তবে নতুনদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আলাদা।’
বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মূলত রিশাদ হোসেনের গুগলি এবং অ্যাকশন নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। এছাড়া নাসুম, শেখ মেহেদী ও মিরাজের স্পিন আক্রমণ এবং পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সমন্বয় ঘটিয়ে টি-টোয়েন্টি সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার দুপুর ২টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।




