চার দিন ধরে পুড়ছে জাপানের উত্তরাঞ্চল; উজাড় হয়েছে ১২ হাজার হেক্টর বনভূমি

জাপানের দাবানল
জাপানের দাবানল | ছবি: রয়টার্স
0

টানা চার দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চল। দু’টি বনভূমি থেকে ছড়িয়ে পড়া আগুনে এরইমধ্যে পুড়ে ছাই হয়েছে ১২ হাজার হেক্টর জমি। উত্তরাঞ্চল থেকে তিন হাজারেও বেশি বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজারেরও বেশি দমকলকর্মী। আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। পুড়ে যাচ্ছে একরের পর একর বনভূমি। অরণ্য ছাপিয়ে আগুন ছড়িয়ে পড়ছে লোকালয়, পুড়ছে চার দিন ধরে। এখনও সক্রিয় দু’টি বনাঞ্চলের আগুন। এই দৃশ্য জাপানের উত্তরাঞ্চলের।

৭০ শতাংশ বনভূমির দেশ জাপানের আবহাওয়া মূলত আদ্র ও বৃষ্টিপ্রবণ হলেও ফেব্রুয়ারি থেকে মে মাসে বনে শুকনো ডালপালা ও পাতার পরিমাণ বেড়ে যায়। ফলে বছরের এই সময়টাতে অগ্নিকাণ্ডের প্রবণতা বাড়ে। যদিও এই দাবানলের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সের তথ্য, এরইমধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে ওতসুচি শহরের আবাসিক এলাকার দিকে। শহরটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন:

আরও জানা গেছে, স্থানীয় সময় গেল বুধবার দুপুরে পাহাড়ি এলাকায় দাবানলের সূত্রপাত। এর ঘণ্টা দুই পরে ১০ কিলোমিটার দূরের আরেকটি বনভূমিতে আগুন ছড়িয়ে পড়ে।

এখনও পর্যন্ত পুড়ে ছাই হয়েছে ১২ হাজার হেক্টর জমি। উত্তরাঞ্চলে বসবাসরত দেড় হাজারের বেশি পরিবারের তিন হাজারেরও বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পুড়ে গেছে আটটি ভবন।

উদ্ধার অভিযান ও আগুন নেভাতে কাজ করেছেন এক হাজার ২০০ দমকল কর্মী। হেলিকপ্টারের সাহায্যে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা চলছে। নামানো হয়েছে সেলফ ডিফেন্স ফোর্স। তবে আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:

জাপান ওতসুচির মেয়র কোজো হিরানো বলেন, ‘দাবানল শুরুর পর চার দিন কেটে গেছে। বনভূমির আশেপাশে আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। আমরা খুবই গুরুত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে আনতে সবধরনের প্রচেষ্টা অব্যাহত আছে।’

জাপানের ইতিহাসে এখনও পর্যন্ত এটি তৃতীয় বৃহত্তম দাবানল। এর আগে ২০২৫ সালে ওফুনাতো এবং ১৯৯২ সালের কুশিরো দাবানলে সর্বোচ্চ ক্ষতির কবলে পড়ে টোকিও।

এসএস