নেত্রকোণায় সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুর

গাড়িতে হামলা ও ভাঙচুর
গাড়িতে হামলা ও ভাঙচুর | ছবি: এখন টিভি
0

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৫ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার সময় সংসদ সদস্য গাড়িতে ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সংসদ সদস্যের প্রাইভেট কারটি গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যায়। এসময় একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি অতর্কিতভাবে গাড়িটির ওপর হামলা চালায়। হামলায় গাড়িটির সামনের দিকের কাঁচ (গ্লাস) ভেঙে যায়। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ‘এমপির গাড়িটি ফিলিং স্টেশনে তেল নিতে গেলে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।’

আরও পড়ুন:

এদিকে ঘটনার পর সংসদ সদস্য মাছুম মোস্তফা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ হামলার জন্য সরাসরি বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমপি মাছুম মোস্তফা ভিডিও বার্তায় জানান, গতকাল বিকেলে একটি প্রোগ্রাম শেষ করে ফিলিং স্টেশনে গাড়ি রেখে নামাজ পড়তে যান তিনি। নামাজরত অবস্থায় বাইরে চিৎকার ও শোরগোল শুনতে পান। একপর্যায়ে সন্ত্রাসীরা তার ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালায় এবং জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।

পরবর্তীতে প্রশাসনকে খবর দেয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিএনপির সাবেক আহ্বায়কসহ আরও কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এফএস