‘দায়সারাভাবে’ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ | ছবি: সংগৃহীত
0

ফরিদপুরের মধুখালীর কৃতি সন্তান মুক্তিযুদ্ধে জীবদানকারী অকুতোভয় যোদ্ধা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ (সোমবার, ২০ এপ্রিল)।

তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামের বাসিন্দা মুন্সি মেহেদি হাসান ও মকিদুন্নেসার ছেলে। ১৯৪৩ সালের ৮ মে তিনি জন্মগ্রহণ করেন।

সংসারের অভাব দেখে মুন্সি আব্দুর রউফ ১৯৬৩ সালের ৮ মে ২০ বছর বয়সে যোগদান করলেন ইপিআরে। মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনে ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙ্গামাটির মহালছড়ি নৌপথে পাকিস্তানি হানাদার বাহিনীর সম্মুখ সমরে তিনি বীরত্বপূর্ণ সংগ্রাম করে জীবন উৎসর্গ করেন। মুক্তিযুদ্ধের পর তাকে দেশের সাত বীরশ্রেষ্ঠের একজন হিসেবে সম্মানিত করা হয়।

সোমবার অত্যন্ত দায়সারাভাবে মধুখালী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল সাড়ে ৫টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়া মধুখালীর কামারখালীর সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর ও পাঠাগারে যেনতেনভাবে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন:

প্রতিবছর মুন্সী আব্দুর রউফের মৃত্যুবার্ষিকীতে সকাল ৭টায় মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর ও পাঠাগারে আরম্ভরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যমে এ দিনটির সূচনা হয়।

এ কাজে সরকারে পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিংবা বীরশ্রেষ্ঠের বোন জোহরা বেগম উত্তোলন করে থাকেন। এসময় কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকেন। পরে বিকেলে জাকজমকপূর্ণভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর ও পাঠাগারের সহকারী লাইব্রেরিয়ান সাইদুর রহমান বলেন, ‘সোমবার সকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কর্মকর্তা কিংবা ইউপি চেয়ারম্যান না আসায় প্রতিদিনের মতো স্মৃতি যাদুঘর খোলার সময় সকাল ৯টায় আমরা নিজেরাই জাতীয় পতাকা উত্তোলন করি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি চেয়ারম্যান আমাকে ফোন করে বলেন, লোকজনদের খবর দাও বাদ আছর মিলাদ হবে। অথচ অন্যান্যবার এসব আয়োজন আগে থেকেই করা হতো।’

বিকেলের মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মধুখালীর ইউএনও রওশনা জাহান। সভাপতিত্ব করেন কামারখালী ইউপি চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান।

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্লা ও শাহাদাত হোসেন সাবু, ইউপি বিএনপির সভাপতি আক্কাস আলী মৃধা এবং সালামতপুর গ্রামের বাসিন্দা হিসেবে ব্যবসায়ী এনামুল হক।

আরও পড়ুন:

এ অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠের বড় বোন জোহরা বেগম উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি। তিনি ঢাকায় ছিলেন। ঢাকা থেকে সরাসরি এসে এ অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত আমন্ত্রিতদের হাতে জিলাপি তুলে দেয়া হয়।

দায়সারাভাবে অনুষ্ঠান করার বিষয়ে কামারখালী ইউপি চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান বলেন, ‘আসলে ভুলটা আমারই হয়েছে। দিবসটি আমার একেবারেই স্মরণে ছিল না। দুপরে আমি ফরিদপুর ছিলাম তখন একজন আমার কাছে আজকের কর্মসূচি জানতে চান। আমি দ্রুত ইউএনওকে অবহিত করি এ মিলাদের আয়োজন করি।’

এসএস