ভোটের কালি মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
2

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। আগামীতে এটি অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিকেলে কক্সবাজারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে। ভোটের কালি মোছাবার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।’

তিনি বলেন, ‘সরকারের প্রথম দিককার পদক্ষেপগুলোর মধ্যে ছিল কৃষকদের জন্য কৃষি ঋণ সুদসহ মওকুফ করা। এ খাতে যে রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে, তা সরকার নিজ উদ্যোগে ব্যাংকিং খাতের মাধ্যমে সমন্বয় করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যেখানে পরিবারের প্রধান হিসেবে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

আরও পড়ুন:

এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘সমাজের ধর্মীয় নেতারা ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। অতীতে এ ধরনের উদ্যোগ না থাকলেও বর্তমান সরকার তাদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করছে।’

অনলাইনে জুয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবেলায় সরকার গবেষণা চালাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

আরও পড়ুন:

এছাড়াও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব পয়েন্ট দিয়ে মানব পাচার সংঘটিত হয়, সেসব স্থানে নজরদারি জোরদার করে সুসংগঠিত অভিযান পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।’

এসএস