আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

ট্রাইব্যুনালে রায় ঘোষণার মুহূর্ত
ট্রাইব্যুনালে রায় ঘোষণার মুহূর্ত | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

অন্যান্য আসামিদের মধ্যে পলাতক তিন পুলিশ সদস্য আরিফুর জামান জীবন, নয়ন ও মাধবের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরও পড়ুন:

এছাড়া অন্যান্যদের মধ্যে মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডলের ১০ বছরের সশ্রম কারাদণ্ড; পলাতক ভিসি হাসিবুর রহমান, রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান ও বেরোবি ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়ার ১০ বছর কারাদণ্ড; গ্রেপ্তার ছাত্রলীগ নেতা এমরান আকাশ, এডিসি আবু মারুফ হোসেন টিটু, এডিসি শাহা নুর আলম পাটোয়ারী, ডা. চন্দন, তুফান, আমু, বাবু, নুরুর আলম, নুরুন্নবী মন্ডল ও মাসুদুর হাসানের ৫ বছর কারাদণ্ড; মনিরুজ্জামান পলাশ, মাসুদুর শামিম, ফজলে রাব্বি, আরিফ, আকতার, ধনজয়, বাবুল হোসেন ও রাসেলের ৩ বছর কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া প্রক্টর শরিফুল ইসলামকে ও কারাবাস বিবেচনায় আনোয়ার পারভেজকে খালাস দেন ট্রাইব্যুনাল।

এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন— রংপুরের কমিশনার মনিরুজ্জামান, এডিসি আবু মারুফ হোসেন ওরফে টিটু, এডিসি শাহ নূর আলম পাটোয়ারী ওরফে সুমন, এসি আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন, বিভূতি ভূষণ রায় ওরফে মাধব, এএসআই (সশস্ত্র) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, প্রক্টর শরিফুল ইসলাম, মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ, রাফিউল হাসান রাসেল, হাফিজুর রহমান ওরফে তুফান, মো. মনিরুজ্জামান পলাশ, পোমেল বড়ুয়া, মাহাফুজুর রহমান শামীম, ফজলে রাব্বী, আখতার হোসেন, সেজান আহম্মেদ ওরফে আরিফ, ধনঞ্জয় কুমার ওরফে টগর, বাবুল হোসেন, ইমরান চৌধুরী ওরফে আকাশ, মাসুদুল হাসান ওরফে মাসুদ, মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নূর আলম মিয়া, মাহাবুবার রহমান ওরফে বাবু, একেএম আমির হোসেন ওরফে আমু, আনোয়ার পারভেজ ও ডা. সারোয়াত হোসেন ওরফে চন্দন।

তাদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন পলাতক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসানসহ ৬ জন কারাগারে আছেন।

৩০ আসামির বিপরীতে ট্রাইব্যুনালে আবু সাঈদের বাবাসহ ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। পাঁচ মাস ২০ দিনে বিচার কাজ শেষ করে রায়ের জন্য দিন ধার্য করা হয়। এ পর্যন্ত ট্রাইব্যুনাল জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়।

এসএইচ