মালয়েশিয়ায় বিদেশিদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন, প্রবাসীদের ভাবনা

মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের ছবি
মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের ছবি | ছবি: এখন টিভি
0

উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে যাচ্ছে মালয়েশিয়া। নতুন নীতিমালার আওতায় চলতি বছরের জুন থেকে নির্দিষ্ট ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতনসীমা আগের তুলনায় বাড়বে। তবে এ সিদ্ধান্ত বাংলাদেশিসহ সাধারণ বিদেশি কর্মীদের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা।

উচ্চ দক্ষতা সম্পন্ন তিনটি ক্যাটাগরির বিদেশি পেশাজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এসব ক্যাটাগরির কর্মীদের বেতন একশো শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে ভিসা নবায়নের কর বা ফি এর পরিমাণও বৃদ্ধি পাবে, এতে ব্যয় বাড়বে নিয়োগকর্তাদের। জুন থেকে শুরু হতে যাওয়া এ নীতির মূল উদ্দেশ্য বিদেশিদের নির্ভরতা কমানো এবং যোগ্য স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করা।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বলছে, দেশটিতে বৈধ বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮ লাখ। নতুন নীতিমালার প্রভাব বাংলাদেশিসহ সাধারণ বিদেশি কর্মীদের ওপর পড়বে না। ফলে নির্মাণ, উৎপাদন, কৃষি বা সেবাখাতে কর্মরত শ্রমিকরা আগের মতোই বিদ্যমান বেতন কাঠামোর আওতায় থাকবেন। এতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ বৈদেশিক শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছেন প্রবাসীরা।

প্রবাসীরা জানান, বাংলাদেশি যারা এখানে কর্মসংস্থান বা কর্মে আছে, তারা তো প্রায় সবাই শ্রমিক ভিসায় থাকেন, তাদের ওপর কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন:

এদিকে নতুন নীতিমালার আওতাভুক্ত প্রবাসীরা মনে করেন, স্থানীয়দের স্বার্থ রক্ষায় মালয়েশিয়া সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বজায় রাখতে উচ্চ দক্ষ বিদেশি কর্মীদের চাহিদা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রবাসীরা বলছেন, যারা প্রোফেশনাল আছেন, তাদের নিয়োগ দিতে হয়তো নিয়োগকর্তারা নিরুৎসাহী হবেন। কেননা তাদের নিলে বেশি বেতন দিতে হবে। জুনির লেভেলের নিয়োগ একেবারে বন্ধ হয়ে যাবে, কারণ ৫ বা ৬ হাজার রিংগিত স্যালারি অফার করলে নরমালি ভিসা পাওয়া যাবে না। মিড বা সিনিয়র লেভেলে কোনো সমস্যা হবে না, কারণ তাদের সবারই স্যালারি ১০ হাজারের ওপরে।

স্থানীয় বিশেষজ্ঞদের মতে, নতুন এ নীতিমালা দেশের শ্রমবাজারে ভারসাম্য আনতে সহায়ক হবে, যদিও কিছু খাতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগ ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

এসএইচ