হাতিয়ার স্টিমার ঘাট সেতুতে ফাটল; ধসে পড়ার আতঙ্কে স্থানীয়রা

হাতিয়ার স্টিমার ঘাট সেতু
হাতিয়ার স্টিমার ঘাট সেতু | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বাসিন্দাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৪ নম্বর স্টিমার ঘাট সেতু। সম্প্রতি সেতুটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সাড়ে সাত লাখ মানুষের বসবাস। সড়কপথে হাতিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কেবলমাত্র একটি সড়কের ওপরই ভরসা।

সম্প্রতি নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার ফেরি যোগাযোগ চালু হয়েছে। ফলে হাতিয়ার একমাত্র সড়ক ও ৪ নম্বর স্টীমার ঘাট সেতুর ওপর যানবাহনের চাপ বেড়েছে। এতে সেতুটির ৪২টি পিয়ারের মধ্যে ২০টির বেশি পিয়ারের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ব্রিজটি না থাকলে ৭ থেকে ৮ লাখ লোকের যানচলাচলে ব্যহত হবে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন:

এ অবস্থায় ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয় সড়ক বিভাগ। তবে, ২০ থেকে ৩০ টন ওজনের যান চলছে বলে অভিযোগ করছেন অনেকে। ৫ টনের বেশি ভারী পরিবহণকে পারাপার করতে বাধা দেয়া হচ্ছে বলে জানান গ্রামপুলিশের সদস্যরা।

দ্রুত সেতুটি সংস্কারের পাশাপাশি নতুন সেতু নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ‘এরই মধ্যে মন্ত্রণালয় থেকে পরিদর্শন করে গিয়েছে। আমরা ডিজাইনটি হাতে পেলে দরপত্রের মাধ্যমে সংস্কারের কাজ করা হবে।’

সেতুর ওপর ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নজরদারি বাড়ানোসহ দ্রুত সংস্কারের দাবি হাতিয়াবাসীর।

জেআর