হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

দোকানের বকেয়া ১৮০ নাকি ৩০ টাকা— এমনই তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে শুরু হয় তর্ক-বিতর্ক। পরবর্তীতে এর জেরেই দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়। এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

আজ (সোমবার, ৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এমনই এক সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেন রওশন মিয়া নামক এক ব্যক্তি। জালাল দাবি করেন, রওশনের কাছে তার পাওনা ১৮০ টাকা। তবে রওশন দাবি করেন, দেনা মাত্র ৩০ টাকা। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এরপর এ ঘটনায় তাদের দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে গ্রামের মাঠে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র বলেন, ‘দোকানের বকেয়া ১৮০ না ৩০ টাকা— এ বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এসএইচ