বিসিবিতে তদন্ত, মিরপুরে ফিরেই ক্যাম্পে বুলবুল; প্রস্তুত টাইগাররা

মিরপুরে বুলবুলের উপস্থিতি
মিরপুরে বুলবুলের উপস্থিতি | ছবি: এখন টিভি
0

সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে দেশে ফিরেই মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদে বুলবুলের বোর্ডের বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও হুশিয়ারি দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তদের। এরমধ্যেই আসন্ন নিউজল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা।

নানা অস্থিরতা ও শঙ্কার মধ্যেই গতকাল (শনিবার, ২৮ মার্চ) রাতে দেশে ফিরে পরদিনই মিরপুরে হাজির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে এসে দেখেছেন টাইগারদের বিশেষ ফিটনেস ক্যাম্প। হেডকোচ, ক্রিকেট অপারেশনস হেডকে সাথে নিয়ে একফাঁকে কথা বলেছেন ওয়ানডে কাপ্তান নাজমুল হোসেন শান্তর সাথেও। সবার হাসিখুশি মুখ দেখে বোঝার উপায় নেই কতটা অনিশ্চয়তার দিকে এগোচ্ছে দেশের ক্রিকেট।

বুলবুলের বোর্ডের বিরুদ্ধে সরকারি হস্তক্ষেপে নির্বাচন কারচুপি সহ একাধিক অভিযোগে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন তৈরি করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবস অর্থাৎ এপ্রিলের প্রথম ভাগের মধ্যই প্রস্তুত হয়ে যাবে চূড়ান্ত প্রতিবেদন। যার ওপর নির্ভর করবে বিসিবির বর্তমান পরিচালনা কমিটির ভবিষ্যত। দেশের বাইরে থাকায় বুলবুলের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ হলেও, এবার তার সাথে সরাসরি আলোচনা করবে তদন্ত কমিটি, এমনটাই গুঞ্জন ক্রিকেটপাড়ায়।

এদিকে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিগত বছরগুলোতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের জাতির সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বিগত ২০০৮ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা নিয়োগের অভিযোগ যাচাই করতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া এ বোর্ডের যারা এ অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যদিও শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে নেই তেমন কোন উৎকণ্ঠার সুর। টানা তৃতীয় দিনের মতো চলমান ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে চলছে বিশেষ এই ফিটনেস ক্যাম্প।

এএম