টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনকে সাদুল্লাপুরে দাফন

নিহত স্বজনকে শেষবারের মতো এক নজর দেখতে মানুষের ভিড়
নিহত স্বজনকে শেষবারের মতো এক নজর দেখতে মানুষের ভিড় | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি ট্রেনে পিষ্ট হয়ে নিহত ৫ জনকে তাদের নিজ নিজ পারিবারিক কবরে দাফন করা হয়েছে। আজ (শনিবার, ২৮ মার্চ) বিকেলে তাদের দাফন সম্পন্ন হয়।

গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি এক্সপ্রেস ট্রেনের চাকায় পিষ্ট হয়ে নিহত ৫ জনকে আজ বিকেলে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তারা সবাই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নীজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সবাই গত কয়েক বছর ধরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। সম্প্রতি তারা নিকটাত্মীয়দের সাথে ঈদ উৎসব উদ্যাপন করতে নিজ গ্রামে এসেছিলেন। ঈদের ছুটি শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় তারা ধাপেরহাট থেকে বনশ্রী পরিবহনের একটি ঢাকাগামী বাসে করে কর্মস্থলে ফিরছিলেন।

আরও পড়ুন:

জানা যায়, বাসটি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে জ্বালানি তেল শেষ হয়ে যায়। এসময় যাত্রীরা বাস থেকে নেমে পাশের একটি রেললাইনে বসে গল্পগুজব করতে থাকেন। একইসময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার পথে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— জেলার সাদুল্লাপুর উপজেলার নীজপাড়া গ্রামের আজিজার রহমানের পুত্র সুলতান মাহমুদ (২৮), আবদুর রশিদের কন্যা রিফা (২৪), হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪২), তাদের ১২ বছর বয়সী পুত্র নীরব এবং তাদের আত্মীয় (বেয়াইন) দোলা বেগম।

আজ সকালে নিহতদের মরদেহ গ্রামে আনা হলে স্থানীয় ও আত্মীয়-স্বজনদের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এরপর মরদেহগুলো নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সমাজের সর্বস্তরের মানুষ নিহতদের জানাজায় অংশ নেন।

এসএইচ