এর আগে ইরান থেকে একটি ‘উপহার’ পাওয়ার কথা বললেও সেটি কী, তা স্পষ্ট করেননি ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) তিনি বলেন, ‘ওরা বলেছে, তোমাদের দেখানোর জন্য যে আমরা বাস্তব, শক্ত অবস্থানে আছি—আমরা তোমাদের আটটি তেলের জাহাজ যেতে দেব, আটটি জাহাজ, বড় বড় আটটি তেলের জাহাজ।’
ট্রাম্প আরও বলেন, ‘মনে হয় ওরা ঠিকই বলেছিল এবং সেটা সত্যিই ছিল। আমার মনে হয়, ওগুলো পাকিস্তানি পতাকাবাহী ছিল। শেষ পর্যন্ত সেটা মোট ১০টি জাহাজ হয়।’ জাহাজগুলোর বিষয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে ট্রাম্প চাপ দিচ্ছেন—যাতে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোকপয়েন্ট স্বাভাবিক হয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটে।
গত মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘ইরান যুক্তরাষ্ট্রকে জ্বালানিখাত সম্পর্কিত একটি বড় ছাড় দিয়েছে।’ সে সময় তিনি বলেন, ‘ওরা আমাদের একটা উপহার দিয়েছে ও উপহারটি আজ এসেছে, আর সেটা ছিল খুব বড় একটি উপহার।’





