ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য স্থগিত, নতুন সময়সীমা ৬ এপ্রিল

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার জন্য নিজের নির্ধারিত সময়সীমা পিছিয়ে ৬ এপ্রিল করেছেন। চলমান যুদ্ধ শেষ করতে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল  (বৃহস্পতিবার, ২৬ মার্চ) এই ঘোষণায় ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার চাপও অব্যাহত রেখেছে। তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ‘ইরান সরকারের অনুরোধ অনুযায়ী, এই বিবৃতি দ্বারা জানানো হচ্ছে যে আমি এনার্জি প্ল্যান্ট ধ্বংসের সময়সীমা আরও ১০ দিনের জন্য স্থগিত করছি, আগামী সোমবার, ৬ এপ্রিল ২০২৬, রাত ৮টা মার্কিন (ইস্টার্ন টাইম) পর্যন্ত।’

তিনি আরও লেখেন, ‘আলোচনা চলছে এবং ফেক নিউজ মিডিয়া ও অন্যদের বিপরীতধর্মীদের ভুল বক্তব্য সত্ত্বেও আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।’

ট্রাম্প প্রথমবার ইরানের জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে হামলার হুমকি দেয়ার পর থেকে এটি তার ঘোষিত সবশেষ স্থগিতাদেশ।

আরও পড়ুন:

গত রোববার ট্রাম্প হুমকি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে তিনি ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা করবেন। তিনি লিখেছিলেন, ‘তিনি জ্বালানি স্থাপনায় আঘাত হানবেন—সবচেয়ে বড়টি থেকে শুরু করে।’

এরপর সোমবার তিনি বলেন, ‘ইরানের সঙ্গে ভালো ও ফলপ্রসূ কথোপকথন হয়েছে। তার ভিত্তিতে তিনি হামলা আরও পাঁচ দিন পিছিয়ে দিচ্ছেন।’ ইরান ওই ধরনের কথোপকথন হওয়ার কথা অস্বীকার করেছে। গতকাল  (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ঘোষণা নিয়ে এটি দ্বিতীয় দফা স্থগিতাদেশ।

ট্রাম্প প্রশাসন যুদ্ধের গতিপথ নিয়ে প্রায়ই পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রায় এক মাস আগে, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর এ যুদ্ধ শুরু হয়।

ইচ্ছাকৃতভাবে ইরানের বিদ্যুৎ সরবরাহ লক্ষ্যবস্তু করা হলে সামগ্রিক সামরিক অভিযানের বিরুদ্ধে সমালোচনা আরও বাড়তে পারে।

এএম