মেসি মানেই যেন রেকর্ড আর মাইলফক। একের পর এক কৃতিত্বে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। অবিশ্বাস্য গল্প দিয়ে সাজাচ্ছেন ক্যারিয়ারের চিত্রনাট্য।
৩৮ বছর বয়সেও থামার লক্ষণ নেই লিওনেল মেসির। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে গোল করে ছুঁয়েছেন ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক। ফুটবল ইতিহাসে অফিশিয়াল ম্যাচে এই কীর্তি গড়া মাত্র দ্বিতীয় ফুটবলার তিনি।
এ ৯০০ গোলের গল্পটা বিস্ময়কর। যেকোনো ফুটবলারের চরম কাঙ্ক্ষিত এর মধ্যে ৭৫৫টি এসেছে তার জাদুকারী বাম পা থেকে। ডান পায়ে ১১১টি, হেডে ৩০টি, বাকিগুলো অন্যভাবে। বক্সের ভেতরে তার দাপট সবচেয়ে বেশি ৭২৪ গোল, আর বক্সের বাইরে থেকেও করেছেন ১৭৬টি গোল।
আরও পড়ুন:
ক্লাব ক্যারিয়ারে তার সবচেয়ে বড় অধ্যায় এফ সি বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। এরপর প্যারিস সেইন্ট জার্মেইতে এ সংক্ষিপ্ত অধ্যায়। আর এখন ইন্টার মায়ামিতে যেন নতুন করে উড়ছেন মেসি মাত্র ৯২ ম্যাচে করে ফেলেছেন ৮১ গোল।
আর্জেন্টিনার জার্সিতেও সমান উজ্জ্বল এ মহাতারকা। জাতীয় দলের হয়ে তার গোল ১১৫টি। তবে এখনো শীর্ষে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো, যার গোল সংখ্যা ৯৬৫।
মেসির ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল বছর ছিলো ২০১২। এক বছরে অবিশ্বাস্য ৯১ গোলের বিশ্বরেকর্ড, যা এখনো অক্ষত। ৯০০ গোলের এই মাইলফলক যেন আরেকবার মনে করিয়ে দিলো লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি এক জীবন্ত কিংবদন্তি।





