ইরাক-কাতার-সৌদিতে নতুন করে হামলা, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

কাতার ও সৌদির জ্বালানি কেন্দ্রে হামলা | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান, নতুন সুপ্রিম লিডারের কোনো শারীরিক সমস্যা নেই। এছাড়া, খারগ দ্বীপে হামলার জবাবে ইসরাইলে নতুন করে হামলা শুরু করছে আইডিএফ। নতুন করে হামলার খবর পাওয়া গেছে ইরাক কাতার ও সৌদি আরবে। অন্যদিকে হরমুজ প্রণালিতে তেল পরিবহন সচল রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে দাবি করেন ট্রাম্প।

গেল রাতের হুমকির পর এবার ইরানের খারগ দ্বীপে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয় বড় বোমা হামলা চালালো যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালের পোস্টে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ক্রাউন জুয়েল খ্যাত দ্বীপ খারগে গুড়িয়ে দেয়া হয়েছে ইরানের সামরিক অবকাঠামো। তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত এই খারগ দ্বীপের টার্মিনাল থেকেই রপ্তানি হয় ইরানের ৯০ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল।

সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা হলেও খারগের জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইরানের জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোগুলোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়ার হুমকি দিয়েছে তেহরান। যদিও হোয়াইট হাউজ সূত্র বলছে, এসব অভিযানের মধ্যেই মধ্যপ্রাচ্যে ৩টি যুদ্ধ জাহাজ ও আড়াই হাজার মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:

এদিকে, খারগ ছাড়াও রাজধানী তেহরানে দফায় দফায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। হামলার হুমকি দিয়ে ইরানের তাবরিজের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। অন্যদিকে ভিন্ন ফ্রন্টে লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করছে ইসরাইলি সেনারা। দক্ষিণ লেবানন ও বৈরুতেও ইসরাইলের বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। বৈরুত সফরকালে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

এসবের ভেতরেই দাঁতভাঙ্গা জবাব দিয়ে যাচ্ছে ইরান। শুক্রবার রাতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে মধ্য ইসরাইল। তেল আবিব ও দক্ষিণ প্রান্তেও চলছে হামলা। আর উপসাগরীয় দেশগুলোর মধ্যে শনিবার নতুন করে হামলার কবলে পড়েছে কাতার, কুয়েত ও সৌদি আরব। ড্রোন হামলা হয়েছে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে। সামাজিক মাধ্যমে আরব আমিরাতে ইরানের হামলার আসল ও এআই উভয় ধরনের ভিডিও শেয়ার করায় এক বাংলাদেশিসহ মোট ১০জনকে আটক করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া বাকি মার্কিন কর্মকর্তাদের পরিবারসহ ওমান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ইএ