বৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু; নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ

ঘটনাস্থলের ছবি | ছবি: এখন টিভি
0

রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাতে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এসময় হাতিরঝিলের মধুবাগে নির্মাণাধীন ভবনের পুরনো সীমানাপ্রাচীর ধসে একজন নারীর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না রাখার অভিযোগ করেন স্থানীয়রা।

কথা ছিল মা এলে, একসঙ্গে বসে খাবার খাবে ছোট্ট আশিক। কিন্তু তা আর হলো না। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর হঠাৎ রাজধানীতে নামে বজ্রসহ শিলাবৃষ্টি। বৃষ্টি শেষে রাজধানীর মধুবাগে নির্মাণাধীন ভবনের সীমানাপ্রাচীর ভেঙে পড়ে মারা যান আশিকের মা রাশেদা বেগম। মাকে হারিয়ে আশিকের গগণ বিদারি আর্তনাদের ভার যেন নুইয়ে দিয়েছে সবাইকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ বৃষ্টির পর এ পথ দিয়ে চলাচল করছিলেন রাশেদা বেগমসহ অন্যান্য পথচারীরা। এসময় নির্মাণাধীন ভবনের ইট বালু সিমেন্টের ভারে ধসে পড়ে পুরনো সীমানাপ্রাচীর। এতে আহত হন আরও তিনজন।

আরও পড়ুন:

এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে কয়েকদিন আগে দৃষ্টি আকর্ষণ করা হলেও তাতে সাড়া দেননি ভবন মালিক মহিউদ্দিন। এমনকি ভবন নির্মাণেও নেননি কোনো নিরাপত্তা ব্যবস্থা। যার ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলতে হয় পথচারীদের।

এ বিষয়ে বাড়ির মালিক মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে, প্রথমে ফোন ধরলেও সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন তিনি। যোগাযোগ করা যায়নি তার ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মুজাহিদুল ইসলামকেও। জানা যায়, মধুবাগ এলাকায় একাধিক বাড়ি ও বেশকিছু দোকানের মালিক এই মহিউদ্দিন।

পুলিশ জানায়, এ ঘটনার মামলা দেয়া হলে তদন্ত কাজ শুরু করবেন তারা।

এসএইচ