মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ১

মৌলভীবাজারে গ্রেপ্তার ১
মৌলভীবাজারে গ্রেপ্তার ১ | ছবি: এখন টিভি
1

মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

চেকপোস্ট চলাকালীন রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের সময় একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।

পরে ট্রাক তল্লাশিকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট তিন হাজার ৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

এসময় ট্রাক থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। আটক রবিউল পাবনার সাথিয়ার মৃত ছবেদ আলী প্রামাণিকের ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনে ঢাকায় বিক্রয়ের উদ্দেশে পরিবহন করা হচ্ছিলো।’

এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এসএস