সরাসরি আপডেট

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত | ছবি: এখন টিভি
4

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে বড় ধরনের সামরিক অভিযান চালায় গত ২৮ ফেব্রুয়ারি। ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। খামেনি ছাড়াও ইরানের আরও ৪৮ গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে দাবি ট্রাম্পের। প্রতিশোধ হিসেবে ইরান শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় আক্রমণ চালাচ্ছে। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ রকেট ও মিসাইল হামলা শুরু করলে ইসরাইল লেবাননে তীব্র বিমান হামলা ও স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

কাতার ও সাইপ্রাসজুড়ে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানের অভিযান; জানাল ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ব্রিটিশ টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান ব্রিটিশ স্বার্থ রক্ষায় অভিযান চালিয়েছে। মন্ত্রণালয়টি আরও বলেছে, কাতার, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও বাহরাইনে মিত্রদের সুরক্ষার জন্যও এসব অভিযান পরিচালনা করা হয়েছে।—আল জাজিরা।

তেল আবিবের দক্ষিণে বিমানঘাঁটিতে ‘উন্নত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি হিজবুল্লাহর

লেবাননে ইসরাইল হামলা অব্যাহত রাখার মধ্যে তেল আবিবের দক্ষিণে একটি ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরের পালমাচিম বিমানঘাঁটিতে তারা “একটি উন্নত ক্ষেপণাস্ত্র” নিক্ষেপ করেছে।’ এর আগে উত্তর ইসরাইলের কয়েকটি স্থাপনা এবং সীমান্তের কাছে লেবাননের ভেতরে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর আরও কয়েকটি হামলার দাবিও করে সংগঠনটি।— আল জাজিরা।

বাহরাইনে গ্রেপ্তার ৫; আইআরজিসিকে তথ্য দেয়ার অভিযোগ

বাহরাইনের কর্মকর্তারা জানিয়েছেন,‘নির্ভুল ও সংবেদনশীল তথ্য’ সংগ্রহ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরকে (আইআরজিসি) পাঠানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশবিরোধী ‘সন্ত্রাসী উপাদান’ যোগান দেয়ার অভিযোগেও তাদের গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়টি আরও বলেছে, এ ঘটনায় জড়িত আরেক ব্যক্তি বিদেশে পলাতক রয়েছেন। —আল জাজিরার।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, আহত ৩ শিশু

বৈরুতের দক্ষিণে লেবাননের একটি শহরে ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছেন এবং তিন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এনএনএ জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, হামলাটি বৈরুত থেকে প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) দক্ষিণে সাইদন জেলার শারহাবিলে হয়েছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়াতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে দেশগুলোকে বিরত থাকতে হবে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (রোববার, ১৫ মার্চ) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া মন্তব্যে তিনি এ কথা বলেন বলে রয়টার্স জানিয়েছে।


শর্তে আপত্তি ট্রাম্পের; যুদ্ধবিরতি আলোচনায় প্রস্তুত ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে তিনি এখনই কোনো চুক্তিতে রাজি নন, কারণ তার শর্ত এখনো যথেষ্ট ভালো লাগে। এনবিসি নিউজকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেকোনো সম্ভাব্য চুক্তি ‘‘খুব দৃঢ়’’ হতে হবে। পাশাপাশি ইরানকে পুরোপুরি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগের অঙ্গীকার করতে হবে বলেও তিনি ইঙ্গিত দেন।—এনবিসি।

পশ্চিম ইরানে ‘বিস্তৃত পরিসরের’ হামলার দাবি ইসরাইলি বাহিনীর

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘কিছুক্ষণ আগে’ তাদের বাহিনী পশ্চিম ইরানের অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত পরিসরের হামলার শুরু করেছে।—আল জাজিরা।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

লেবাননের শারহাবিল অঞ্চলের দক্ষিণ দিকের শহর সিডনের একটি রেসিডেন্সিয়াল ভবনে ইসরাইলি হামলা চালানো হয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, এ হামলার স্থানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং জরুরি উদ্ধারকর্মীরা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারে চেষ্টা করছে।—আল জাজিরা

সৌদি আরবের ১০টি ড্রোন প্রতিহতের দাবি; দায় অস্বীকার ইরানের

সৌদি আরব দাবি করেছে, তারা দেশটির পূর্বাঞ্চল এবং রিয়াদের আশপাশে ১০টি ড্রোন প্রতিহত করেছে।

তবে এরপরই এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই হামলাগুলোর সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘এই হামলায় ইরানের কোনো সম্পৃক্ততা নেই এবং সৌদি আরব সরকারের জানার চেষ্টা করা উচিত যে, আসলে এই হামলার নেপথ্যে কারা।’—আল জাজিরা

দক্ষিণে দুই দফা ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরাইল—দেশটির এক গণমাধ্যমের প্রতিবেদন

দুই দফা ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা— ইসরাইলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ এমনটাই দাবি করেছে।

ইসরাইলের এ সংবাদমাধ্যমটি জানায়, গত এক ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুই দফা ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইলের কারণে গত এক ঘণ্টায় মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে। পরে ওই অস্ত্রটিও প্রতিহত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ডের তথ্যানুযায়ী, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।—আল জাজিরা

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে শর্ত ‘অত্যন্ত কঠিন’: জাপান

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নীতি প্রধান তাকায়ুকি কোবায়াশি বলেছেন, হরমুজ প্রণালি রক্ষায় টোকিওর যুদ্ধজাহাজ পাঠানোর জন্য শর্ত বা সীমা ‘অত্যন্ত কঠিন’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানসহ বিভিন্ন দেশকে গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে চলাচল করা তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে সহায়তার আহ্বান জানান। এর কয়েক ঘণ্টা পরই এমন মন্তব্য করলেন কোবায়াশি।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে-কে দেয়া এক সাক্ষাৎকারে কোবায়াশি বলেন, ‘আমি মনে করি, এ অঞ্চলে নৌবাহিনীর জাহাজ পাঠানোর জন্য জাপানের বিদ্যমান আইনে শর্ত অত্যন্ত কঠিন।’

তিনি বলেন, ‘আইনগতভাবে বলতে গেলে, আমরা এ সম্ভাবনাকে পুরোপুরি দূরে ঠেলে দিচ্ছি না, তবে এই সংঘাত পরিস্থিতিতে বর্তমানে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে আমি মনে করি।’—আল জাজিরা

ইসরাইলি সেনাদের ওপর রকেট-আর্টিলারি হামলার দাবি হিজবুল্লাহর

হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা ইসরাইলি সেনাদের ওপর রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে।

লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা কফার ইউভাল বসতির উত্তরে অবস্থিত ক্যালফ হিল স্থানে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে এবং লেবাননের সীমান্ত শহর মেইস এল-জাবালের বিপরীতে অবস্থিত জিবিয়া পয়েন্টে সৈন্যদের ওপর আর্টিলারি হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী আজ (রোববার, ১৫ মার্চ) সকাল পর্যন্ত তাদের হামলার সংখ্যা দাঁড়ালো ৪টি।—আল জাজিরা

অস্থিতিশীলতা ও লেবাননে নতুন গণহত্যার দিকে অঞ্চলকে ঠেলে দিচ্ছে ইসরাইল: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় ফিরতে হবে, যাতে যুদ্ধ আর না বাড়ে—এমন আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় ঝুঁকি তৈরি হয়েছে।আঙ্কারায় কথা বলতে গিয়ে ফিদান বলেন, ‘যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হতে হবে। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে আমরা উদ্বিগ্ন।’ ফিদান আরও বলেন, ‘তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।’ একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, আঙ্কারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।—আল জাজিরা।


ইসফাহানে যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলায় নিহত ১৫: ইরানি গণমাধ্যম

ইরানের মধ্যাঞ্চলের শিল্পনগরী ইসফাহানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা ফারস জানিয়েছে, হামলাটি ইসফাহান শহরে করা হয়। তবে হামলার লক্ষ্যবস্তু বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।—আল জাজিরা।

বাগদাদে মার্কিন দূতাবাসে ২ ড্রোনের আঘাত

বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসসংলগ্ন এলাকায় আগের হামলা সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। এক নিরাপত্তা কর্মকর্তা সিএনএনকে বলেছেন, শনিবার দূতাবাস কমপাউন্ডে দুটি ড্রোন আঘাত হানে। শুরুতে সেখানে ক্ষেপণাস্ত্র আঘাতের কথা জানানো হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।—সিএনএন।

তুরস্কের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের বক্তব্যে অসঙ্গতি আলোচনা চলছে: ফিদান

তুরস্কের দিকে গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) ছোড়া ক্ষেপণাস্ত্রের দায় ইরান অস্বীকার করেছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে তেহরানের বক্তব্য ও হাতে থাকা কারিগরি তথ্যের মধ্যে যে অসঙ্গতি আছে, তা নিয়ে আঙ্কারা ইরানের সঙ্গে আলোচনা করছে। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘তুরস্কের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষের কাছে কারিগরি তথ্য রয়েছে। এ বিষয়ে যে অসংগতি দেখা যাচ্ছে, তা তারা ইরানি কর্মকর্তাদের সামনে তুলছে।’— ফ্রান্স২৪।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মার্কিন ঘাঁটিগুলো ‘হুমকি’: ইরানি কর্মকর্তা

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে আবারও তীব্র সমালোচনা করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এক্স-এ লেখা এক বার্তায় তিনি বলেন, ‘এ যুদ্ধ একটি বিষয় বেশ স্পষ্টভাবে প্রমাণ করেছে। আর সেটি হলো আমাদের অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কাউকে রক্ষা করে না—বরং এগুলো একটি হুমকি।”

তিনি আরও যোগ করেন, ‘আমেরিকা ইসরাইলের জন্য সবাইকে বিসর্জন দেয় এবং ইসরাইল ছাড়া আর কারো পরোয়া করে না।’

ইরান থেকে আবারও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আইডিএফের

ইরান থেকে আবারও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা বলেছে, এই হুমকি প্রতিহতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। সাম্প্রতিক এক বার্তায় আইডিএফ এ তথ্য জানায়। এর আগে ইরান থেকে ইসরাইলের দিকে পরপর কয়েক দফা হামলা চালানো হয়। এসময় ইসরাইলের জেরুজালেমে সতর্ক বার্তা বেজে ওঠে। দক্ষিণ ইসরাইলের ইলাতে আহত হওয়ার খবরও পাওয়া গেছে।—ডন।

হরমুজ প্রণালি খোলা রাখতে ‘ একাধিক দেশ’ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে একাধিক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন কোন দেশ এ পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি বলে রয়টার্স জানিয়েছে। আজ (শনিবার, ১৪ মার্চ) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অন্য দেশগুলো এ এলাকায় জাহাজ পাঠাবে বলে তিনি আশা করছেন।—ডন।

জাতিসংঘ প্রধান: লেবাননে ‘সামরিক সমাধান নেই, কেবল কূটনীতি’

ইসরাইলি হামলার পর আহত বেসামরিকদের চিকিৎসা চলছে এমন হাসপাতাল এবং শতসহস্র বাস্তুচ্যুত মানুষের মধ্যে কয়েকজনকে পরিদর্শনের পর লেবাননের এই পরিস্থিতি দেখে ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেন, ‘দেশের দক্ষিণাংশ উজাড়ভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইসরাইলের সরিয়ে নেয়ার আদেশের আওতায় থাকা দক্ষিণ বৈরুত সম্পূর্ণ নিশ্চিহ্ন করে বোমাবর্ষণের ঝুঁকিতে রয়েছে , লেবাননের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন এসব গুতেরেস বলেন। —আল জাজিরা।

আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা ছাড়ার নির্দেশ ইরানের

সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী (দুবাই), খলিফা পোর্ট (আবুধাবি) এবং ফুজাইরাহ বন্দর সংলগ্ন এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসামরিক স্থাপনার আড়ালে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির কারণে এ এলাকাগুলো এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানে হামলা চালানো হবে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ৩৬,৫০০-এর বেশি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে সারা দেশে ৩৬ হাজার ৫০০টির বেশি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, এর বেশির ভাগই আবাসিক ইউনিট ও জনসেবামূলক কেন্দ্র।—আল জাজিরা।

ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট তৃতীয় সপ্তাহে

আন্তর্জাতিক মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপের পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশটির ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের চেয়ে মাত্র প্রায় এক শতাংশে নেমে এলেও মোট সংখ্যার হিসাবে তা এখনও উল্লেখযোগ্য।

তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালির বিকল্প খুঁজছে ইরাক

ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে যে, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় তারা বিকল্প পথ খুঁজে বের করার কাজ করছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে বন্ধ রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরাকের কিরকুক শহর থেকে তুরস্কের তেল হাব জেইহান পর্যন্ত তেল পাইপলাইনটি পুনরায় সচল করার জন্য সংস্কার কাজ চলছে।

আবুধাবি ও বাহরাইনে মার্কিন বাহিনীর ওপর হামলার দাবি ইরান নৌবাহিনীর

ইরানি সংবাদমাধ্যম আইআরজিসির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে জানিয়েছে যে, ওই অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ‘টানা কয়েক দফায়’ হামলা চালিয়েছে দেশটির নৌবাহিনী।

তাংসিরি জানান, এ হামলার লক্ষ্যবস্তু ছিল আবুধাবির আল-ধাফরা এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটি। এ হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাঙ্কগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানানো হয়।

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে ইসরাইলকে আহ্বান ম্যাক্রোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, লেবানন ইসরাইলের সঙ্গে ‘সরাসরি আলোচনায়’ অংশ নিতে প্রস্তুত। তিনি এ আলোচনা প্যারিসে আয়োজনের প্রস্তাবও দিয়েছেন বলে এএফপি জানিয়েছে।-ডন।

পশ্চিম ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় ৬ মাসের শিশুসহ নিহত ৬

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ইরানের ইলাম প্রদেশের আইওয়ান শহরে একটি আবাসিক ভবনে মার্কিন-ইসরাইলি হামলায় একই পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ মাস বয়সী এক শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে কাজ করছেন এবং ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করলে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর প্রতিশোধের’ মুখোমুখি হতে হবে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে লক্ষ্য করলে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর প্রতিশোধের’ মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।

রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার যেকোনো চেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। জালালি জানান, মোজতবার পিতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইরানিরা এখন ‘রক্তের প্রতিশোধ’ চায়।

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের ৫৬টি সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

চলমান যুদ্ধে মার্কিন ও ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের অন্তত ৫৬টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জাদুঘর ও প্রাচীন স্মৃতিস্তম্ভও রয়েছে। ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে অনেকগুলোর কাঠামোতে বড় ধরনের ফাটল বা ধস দেখা দিয়েছে।

ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় সৌদি আরবে এখন পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া পাঁচটি উড়োজাহাজই সৌদির মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসের এবং সবগুলোই রি-ফুয়েলিং বিমান।

ইরানকে কিছুটা সহায়তা করছেন পুতিন, এমন ধারণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতিতে তেহরানকে কিছুটা সহায়তা করছেন এটা হতে পারে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেয়া এক রেডিও সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, 'আমার মনে হয় তিনি হয়তো তাদের একটু সাহায্য করছেন।' ট্রাম্প বলেন, 'পুতিন হয়তো মনে করেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে। আর আমরাও ইউক্রেনকে সাহায্য করছি।' ট্রাম্প আরও বলেন, 'এ ধরনের বিষয়ে রাশিয়া বা চীন একই যুক্তি দিতে পারে—তারা করে, আমরাও করি।'—সিএনবিসি।

লেবাননের জন্য জাতিসংঘের ৩২৫ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা আহ্বান

লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় মোকাবিলায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের এক জরুরি সহায়তা আহ্বান করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-সপ্তমাংশ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বৈরুত সফরকালে এ সহায়তার ঘোষণা দিয়ে গুতেরেস বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, ‘মৌখিক সহমর্মিতার চেয়ে এখন কার্যকর পদক্ষেপ নেওয়া বেশি জরুরি।’

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত: ছয় আরোহীর সবাই নিহত

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমান বাহিনীর কেসি-১৩৫' রিফুয়েলিং এয়ারক্রাফটের নিখোঁজ দুই সদস্যসহ মোট ছয় আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আজ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে আরোহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

ইসরাইলের ড্রোন ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলার দাবি

ইসরাইলের উত্তরাঞ্চলীয় সাফদ এলাকায় অবস্থিত ‘গিভা ড্রোন কন্ট্রোল বেস’-এ বড় ধরনের রকেট হামলা চালানোর দাবি করেছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, উত্তর ইসরাইলের ওই গুরুত্বপূর্ণ ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রটি লক্ষ্য করে তারা একঝাঁক রকেট (রকেট সালভো) নিক্ষেপ করেছে।

‘কাপুরুষোচিত হামলায়’ পিছু হটবে না ইরান: আরাঘচি

তেহরানে আল-কুদস দিবসের মিছিলে বোমাবর্ষণের মধ্যেই ইরানি জনগণের অদম্য সাহসের প্রশংসা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উদ্ভূত পরিস্থিতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের ‘কাপুরুষোচিত হামলায়’ ইরানিরা দমে যাবে না। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (সাবেক টুইটার) মিছিলের একটি ভিডিও শেয়ার করে তিনি এ বার্তা দেন।

মধ্যপ্রাচ্যে ফ্রান্সের অবস্থান ‘রক্ষণাত্মক’: ম্যাক্রোঁ

ইরাকে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহতের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, এ অঞ্চলে ফ্রান্স মূলত একটি ‘রক্ষণাত্মক’ অবস্থানে রয়েছে। একইসঙ্গে রাশিয়ার দ্বিমুখী নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে খোদ নিজেরাই যুদ্ধবিরতিতে রাজি না হয়ে ইরানের যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানোটা বেশ অস্বাভাবিক।’

ইরানি স্কুলে হামলা তদন্তে কর্মকর্তা নিয়োগের ঘোষণা হেগসেথের

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় তদন্তের সর্বশেষ অগ্রগতি জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ১৭০ জনেরও বেশি প্রাণহানির ওই ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে এবং এর নেতৃত্বে থাকছেন সেন্টকমের বাইরের একজন জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।

রাতে ইরানে ‘সর্বোচ্চ’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, আজ রাতে ইরানে সর্বোচ্চ মাত্রার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব এ যুদ্ধে ‘এগিয়ে যাওয়ার’ অঙ্গীকার করেছেন। তিনি আরও যোগ করেন, ‘আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার পক্ষ থেকে চালানো হামলার পরিমাণ হবে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।’

৫৬টি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে রাজ্যের আকাশসীমায় প্রবেশ করা ৫৬টি ড্রোন তারা প্রতিহত করেছে। এর মধ্যে একটি রাজধানী রিয়াদের উচ্চনিরাপত্তাবেষ্টিত কূটনৈতিক এলাকার দিকে এগোনোর চেষ্টা করেছিল।মন্ত্রণালয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছিল, ২৪ ঘণ্টায় তারা ৫৩টি ড্রোন প্রতিহত করেছে এবং পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ড্রোনগুলো কে ছুড়েছে, সে বিষয়ে এখনো মন্ত্রণালয় কিছু জানায় নি।—আল জাজিরা।

ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আগামী মাসে জাকার্তায় অনুষ্ঠিতব্য ইরানসহ আটটি প্রধান মুসলিম উন্নয়নশীল দেশের শীর্ষ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ত্রি থারিয়াত জানিয়েছেন, সম্মেলনের নতুন কোনো তারিখ নিয়ে এখনও আলোচনা করা হয়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী, সম্মেলনটি আগামী ১৩-১৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে তুর্কি মালিকানাধীন জাহাজ

তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুলকাদির উরালোলু জানিয়েছেন, একটি তুর্কি মালিকানাধীন জাহাজ ইরানের অনুমোদন পাওয়ার পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে উরালোলু জানান, ইরানের কাছে অপেক্ষমাণ তুরস্কের মালিকানাধীন ১৫টি জাহাজের মধ্যে এটি একটি। এসব জাহাজের বিষয়ে আঙ্কারা তেহরানের সাথে যোগাযোগ রক্ষা করছে।

তেহরানে র‍্যালির কাছে বিস্ফোরণের শব্দ

তেহরানে আয়োজিত আল-কুদস দিবস র‍্যালির কাছাকাছি এলাকায় হামলার খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যানুযায়ী, তেহরানের প্রধান সড়কগুলোতে যেখানে বিক্ষোভ সমাবেশ চলছিল, তার খুব কাছেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজ অবরোধে তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে

ইরানের কার্যত হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখার অঙ্গীকারের মধ্যে তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। প্রজন্মের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিঘ্নের মুখে বাজারে স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড বৃহস্পতিবার ৯ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ দীর্ঘায়িত হয়ে জ্বালানি বাজারে কয়েক সপ্তাহ বা মাসজুড়ে অস্থিরতা তৈরি করতে পারে—এমন আশঙ্কায় লেনদেনকারীরা নতুন করে অবস্থান নিচ্ছেন। মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়ার পর তেলের দাম বেড়েছে।—আল জাজিরা।

বেকা ভ্যালিতে ইসরাইলি হামলায় নিহত ২, আহত ৩

লেবাননের বেকা ভ্যালিতে ইসরাইলি হামলায় দুইজন নিহত, তিনজন গুরুতর আহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেকা ভ্যালির বার এলিয়াসে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ইসলামিক গ্রুপের এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তার দুই ছেলে নিহত হয়েছেন।—আল জাজিরা।

ওমানে ড্রোন ধ্বংস, ধ্বংসাবশেষে পড়ে নিহত দুই শ্রমিক

ওমানের সোহর প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি আল-আওয়াহি শিল্প এলাকায় পড়ে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। একই প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে।—আল জাজিরা।

রিয়াদের কূটনৈতিক এলাকায় ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দেশের মধ্য ও পূর্বাঞ্চলে আরও আটটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।—আল জাজিরা।

ইরানে ২০০–এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

গত ২৪ ঘণ্টায় ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে ২০০–এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। আইডিএফে পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক অভিযানে এসব স্থাপনা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।—আল জাজিরা।

ইরাকে ড্রোন হামলায় আহত ৬ ফরাসি সেনা

ইরাকের এরবিল অঞ্চলে ড্রোন হামলায় ছয়জন ফরাসি সেনা আহত হয়েছেন বলে রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে। ফরাসি সেনাবাহিনীর বরাতে রয়টার্স জানায়, আহত সেনাদের কাছাকাছি একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে আহতদের আঘাতের মাত্রা বা ড্রোনটির উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এরবিল অঞ্চলে ফ্রান্সের কয়েক শত সেনা মোতায়েন রয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও ১০ ড্রোন ভূপাতিতের দাবি

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গত এক ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। তিনি বলেন, ড্রোনগুলো প্রতিহত করে গুলি করে নামানো হয়েছে।—আল জাজিরা।

ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহ বিমান বিধ্বস্ত 

ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের সময় যুক্তরাষ্ট্রের একটি কেসি–১৩৫ সামরিক জ্বালানি–সরবরাহকারী বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় দুটি বিমান জড়িত ঘটনায় একটি বিমান বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করে। তবে এটি শত্রুপক্ষ বা ফ্রেন্ডলি ফায়ারের ফলে হয়নি বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। উদ্ধার তৎপরতা চলছে, তবে বিমানে থাকা তিন থেকে পাঁচজন ক্রুর অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।—বিবিসি।

সৌদি আরবে পূর্বাঞ্চলে আরও ১০ ড্রোন ভূপাতিতের দাবি

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গত এক ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে ১০টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো শনাক্ত করে গুলি করে নামিয়েছে।— আল জাজিরা।

ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি থাইল্যান্ডের

থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালীতে হামলার শিকার হওয়ার পর দেশটির সরকার ইরানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দাবি করেছে।

এর আগে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এই হামলা এবং জাহাজের ক্ষয়ক্ষতির পরিস্থিতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিশ্চিত করেছে, ‘সতর্কবার্তা উপেক্ষা করার পর’ জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরানি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যেসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে চায়, তাদের অবশ্যই ইরানের কাছ থেকে অনুমতি নিতে হবে।

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অপরিশোধিত তেলের দামের চেয়ে ইসলামি প্রজাতন্ত্রের ‘অশুভ সাম্রাজ্য’ থামানোই বেশি গুরুত্বপূর্ণ।

তেহরান থেকে এএফপি জানায়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গত রোববার সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর থেকে এখনো জনসমক্ষে উপস্থিত হননি। একটি বিমান হামলায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। তার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বার্তাটি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ পাঠক পড়ে শোনান।

মোজতবা খামেনির বাবা আলি খামেনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রথম দফা হামলায় নিহত হন।

মোজতবা খামেনি হরমুজ প্রণালি বন্ধ রাখার আহ্বান জানান এবং উপসাগরীয় দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি অবরুদ্ধ করার হাতিয়ার অবশ্যই ব্যবহার করতে হবে।’ বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-চতুর্থাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

ইরানের পারমাণবিক কর্মসূচির ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’তে হামলার দাবি ইসরাইলের

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক হামলায় তারা তেহরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত তালেগান স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ সক্ষমতা এগিয়ে নিতে এ স্থাপনাটি ব্যবহার করছিল।—আল জাজিরা।

ইরানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সর্বোচ্চ ৩২ লাখ মানুষ: জাতিসংঘ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত শুরুর পর থেকে দেশটির ভেতরে সর্বোচ্চ ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর গৃহহীন হয়ে পড়া পরিবারের প্রাথমিক হিসাবের ভিত্তিতে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।—বার্তা সংস্থা রয়টার্স।

ইলাম প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আকাশে একটি ইসরাইলি হারমেস ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।—আল জাজিরা।

যুদ্ধ শুরুর পর ৩০০–এর কাছাকাছি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে বাহরাইন

বাহরাইন ডিফেন্স ফোর্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ১১২টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৮৬টি ড্রোন প্রতিহত করেছে। সংস্থাটি জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব হামলা ঠেকানো হয়েছে।—আল জাজিরা।

ট্যাংকারে প্রাণঘাতী হামলার পর নৌপথ সুরক্ষার আহ্বান ইরাকের

ইরাকের উপকূলে দুইটি তেল ট্যাংকারে প্রাণঘাতী হামলার পর আন্তর্জাতিক নৌপথ সুরক্ষার আহ্বান জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। ইরাক নিউজ এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক সামুদ্রিক নৌপথ ও জ্বালানি সরবরাহ লাইনের নিরাপত্তা ও সুরক্ষা আঞ্চলিক সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা থেকে পৃথক রাখতে হবে।’ হামলার পর ইরাক বন্দর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে জানানো হয়েছে। —মিডল ইস্ট আই।

ইরাকের কুর্দি অঞ্চলে ইতালীয় সামরিক ঘাঁটিতে হামলা

ইরাকের কুর্দি অঞ্চলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে তাজানি জানান, এরবিলে সংঘটিত এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি। তবে হামলার জন্য কে দায়ী—এ বিষয়ে কিছু বলেননি তিনি। তিনি আরও জানান, ঘাঁটিতে অবস্থানরত সব ইতালীয় সেনা নিরাপদ আছেন।—দ্য গার্ডিয়ান।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলে আহত ১৭৯ জন

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৯ জন আহত হয়েছেন। তাদের অধিকাংশের অবস্থা ‘স্থিতিশীল ও আশঙ্কামুক্ত’। মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৫ জনে।—আল জাজিরা।

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত: ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা ইসরাইলের দিকে অগ্রসর হচ্ছে। ইসরাইলি বাহিনী তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে জানায়, ‘হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো ইলাত এবং দক্ষিণ ও উত্তর ইসরাইলের কয়েকটি এলাকা লক্ষ্য করে হতে পারে।—মিডল ইস্ট আই।

তেহরানের দক্ষিণ-পশ্চিমে শিল্প এলাকায় হামলা

তেহরান থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাবাত কারিমের একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলা চালিয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। শহরের উপ-গভর্নর বলেছেন, পরিত্যক্ত একটি গুদামঘর হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল।—আল জাজিরা।

যুদ্ধের প্রথম ছয় দিনে ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার: পেন্টাগন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রথম ছয় দিনে ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে অনুমান করেছে পেন্টাগন। মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে সামরিক কর্মকর্তারা আইনপ্রণেতাদের কাছে এ ব্যয়ের হিসাব তুলে ধরেন।—আল জাজিরা।

ইসরাইল ও লেবাননের চলমান সংঘাতের পরও উত্তেজনা বাড়ছে

বৈরুতের কেন্দ্রস্থল সমুদ্রতীরবর্তী সড়ক রামলেত আল-বাইদায় একটি গাড়িতে আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। হামলার পর লোকজন গাড়িটির চারপাশে জড়ো হলে আরেকটি হামলা হয়।এই এলাকায় বহু মানুষ গাড়ি ও তাঁবুতে রাত কাটাচ্ছেন। চলমান সংঘাতে বাস্তুচ্যুত হওয়া এসব মানুষ আশ্রয়ের অভাবে সেখানে অবস্থান করছেন। —আল জাজিরা।

লেবাননে বাস্তুচ্যুত ৭ লাখ ৫০ হাজারের বেশি: জাতিসংঘ

লেবাননে ৭ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ৫৭০–এর বেশি নিহত ও ১ হাজার ৪০০ এর বেশি আহত হওয়ার তথ্যও তুলে ধরেন তিনি। চলতি মাসে প্রায় ৮৪ হাজার সিরীয় ও ৮ হাজারের বেশি লেবাননি সিরিয়ায় গেছেন বলে জানান ফ্লেচার।—আল জাজিরা।

তেলের দামের উল্লম্ফন ঠেকাতে মজুত ব্যবহারের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইরানে হামলা অব্যাহত থাকায় তেলের দাম বাড়ছে। এ পরিস্থিতিতে ‘অস্থায়ী পরিবহন সংকট’ মোকাবিলায় কৌশলগত তেল মজুত ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম। তিনি বলেন, ‘এ ধরনের সময়েই এসব মজুত ব্যবহার করা হয়। এখানে বিশ্বে জ্বালানির ঘাটতি নেই। আমাদের যা হয়েছে, তা হলো একটি পরিবহন সমস্যা, যা অস্থায়ী।’—আল জাজিরা।

তেহরানে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করলো সুইজারল্যান্ড

ইরানে তেহরানস্থ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে সুইজারল্যান্ড। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাষ্ট্রদূতসহ পাঁচজন সুইস কর্মী স্থলপথে ইরান ছেড়ে নিরাপদে দেশের বাইরে পৌঁছেছেন। বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি অনুকূলে এলে তারা আবার তেহরানে ফিরবেন।—আল জাজিরা।

লেবানন সীমান্তে উত্তরে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে ইসরাইল

লেবানন সীমান্তসংলগ্ন উত্তরের কমান্ড সেক্টরে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর প্রধান। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, পরিস্থিতি মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কমান্ড থেকে গোলানি ব্রিগেডের একটি যুদ্ধদল পুনর্বিন্যাস করে উত্তরে পাঠানো হবে।—আল জাজিরা।

তেহরানের পশ্চিম ও পূর্বাঞ্চলে বোমা হামলা দাবি ইরানি গণমাধ্যমের

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিম ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় বোমা হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা ও শব্দ শোনার কথাও বলা হয়েছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দেয়, তারা ইরান ও লেবাননে একযোগে হামলা শুরু করেছে।—আল জাজিরা।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৫৭০

ইসরাইলি হামলার সাম্প্রতিক উত্তেজনায় লেবাননে অন্তত ৫৭০ জন নিহত ও ১ হাজার ৪৪৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।—আল জাজিরা।

ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলায় ইরানি বিরোধী ১ যোদ্ধা নিহত

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ড্রোন হামলায় ইরানি কুর্দি একটি বিরোধী গোষ্ঠীর একজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। ইরানি কুর্দিস্তানের কোমলা পার্টির দাবি, আজ (বুধবার, ১১ মার্চ) ইরাকের সুলাইমানিয়া শহরের কাছে জিরগোয়েজালা এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়; এতে অন্তত আটটি ড্রোন অংশ নেয় এবং একজন যোদ্ধা নিহত ও দুজন আহত হন। কোমলার কর্মকর্তা আলী রানজদের হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।—আল জাজিরা।

দুবাই ও হরমুজ প্রণালিতে দুই জাহাজে প্রক্ষেপণের আঘাত: যুক্তরাজ্যের সংস্থা

দুবাইয়ের কাছে একটি বাল্ক ক্যারিয়ার এবং হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজ অজ্ঞাত প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, দুটি পৃথক ঘটনায় জাহাজ দুটিতে আঘাত হানে অজ্ঞাত প্রক্ষেপণ। ঘটনাগুলোর বিস্তারিত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত তথ্য জানানো হয়নি।—আল জাজিরা।

লেবাননে ইসরাইলি হামলায়, নিহত ১৫

লেবাননে ইসরাইল হামলা জোরদার করেছে। আজকের হামলায় ১৫ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন।—আল জাজিরা।

লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাবে ফ্রান্স

লেবাননের চলমান সংকট মোকাবিলায় ফ্রান্স এ সপ্তাহে তাদের মানবিক সহায়তার পরিমাণ তিনগুণ বৃদ্ধি করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো।

ফরাসি রেডিও স্টেশন টিএওয়ানকে তিনি জানান, প্যারিস থেকে পাঠানো ৬০ মেট্রিক টন সহায়তা এ সপ্তাহে লেবাননে পৌঁছাবে। বর্তমানে দেশটিতে অন্তত ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

ইরানি হামলা বন্ধের দাবি জানিয়ে খসড়া প্রস্তাবে ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইরানের আঞ্চলিক একাধিক আরব দেশে হামলার নিন্দা জানিয়ে বাহরাইন উত্থাপিত একটি প্রস্তাবের ওপর আজ (বুধবার, ১১ মার্চ) ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবিত খসড়ায় বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে ইরানের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রক্সি গোষ্ঠী ব্যবহারের অবসান চাওয়া হয়েছে।—আল জাজিরা।

আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। প্রতিবেদনে বলা হয়, ‘সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর’ আঘাতে এ ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

ইরান যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত হয়েছে: পেন্টাগন

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের সময় এখন পর্যন্ত প্রায় ১৪০ মার্কিন সামরিক কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, ‘আহতদের জখম খুবই সামান্য ছিল এবং ১০৮ জন সেনা এরইমধ্যে দায়িত্বে ফিরে গিয়েছেন।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়ার সমর্থন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ হামলার নিন্দা জানিয়েছে দেশটি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পিয়ংইয়ং মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে ইরানের ‘অধিকার ও পছন্দকে’ সম্মান করে।

তেহরানের ব্যাংকে ইসরাইলি বিমান হামলা, ব্যাংককর্মী নিহত

ইরানের রাজধানী তেহরানে একটি ব্যাংক ভবন লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। এতে একজন ব্যাংককর্মী নিহত হয়েছেন। এর আগে তেহরানের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণের ফলে সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আইআরজিসি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে কুয়েতের ক্যাম্প আরিফজান লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রও রয়েছে।

ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির অভিযোগ অস্বীকার রাশিয়ার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের তথ্য ইরানের সঙ্গে ভাগাভাগি করছে—এ অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন এ বিষয়টি নাকচ করেছেন বলে আজ (মঙ্গলবার, ১০ মার্চ) জানান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। গত (শুক্রবার, ৬ মার্চ) ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থানসহ লক্ষ্যভিত্তিক তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া।—মিডল ইস্ট আই।

হামলা বন্ধ ও দ্রুত কূটনীতিতে ফেরার আহ্বান কাতারের

চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে বক্তব্য দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি। তিনি হামলা বন্ধ করে দ্রুত কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরার আহ্বান জানান। আল-আনসারি বলেন,‘সংঘাত প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সব ধরনের কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে কাতার।’—আল জাজিরা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ জন গ্রেপ্তার: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি ও সহযোগিতার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। তাসনিমের বরাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারদের একজন বিদেশি নাগরিক, যিনি সংবেদনশীল তথ্য দুইটি পারস্য উপসাগরীয় সরকারের কাছে তথ্য সরবরাহ করেন। সেগুলো পরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে যায় বলে অভিযোগ উঠেছে। আরও ১৯ জনকে সরকারবিরোধী কার্যক্রমে–সংশ্লিষ্ট থাকায় মাঠ ও গণমাধ্যম অপারেটিভ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।—আল জাজিরা।

গালিল সাগরের পশ্চিমে ইসরাইলি ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা গালিল সাগরের পশ্চিমে একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘স্যামসন’ ঘাঁটি—যা ক্যাম্প শিমশোন নামেও পরিচিত—লক্ষ্য করে ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।—আল জাজিরা।

এক টনের বেশি ওজনের ওয়ারহেড ব্যবহার করে হামলার দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ৩৪তম হামলায় এক টনের বেশি ওজনের ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘নির্ভুলভাবে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ও এক টনের বেশি ওজনের ওয়ারহেড’ ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থার খবরে বলা হয়, আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার গতকাল ঘোষণা দিয়েছিলেন যে, এক টন বা তার বেশি ওজনের ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।—মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘৩০ গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি ইরানের

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জন ‘গুপ্তচর, এজেন্ট ও অভ্যন্তরীণ মাঠপর্যায়ের অপারেটিভ’কে গ্রেপ্তার করেছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ বা তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত এখনো কিছু জানানো হয়নি।—মিডল ইস্ট আই।

হরমুজে তেল চলাচল বন্ধ হলে ইরানকে ‘আরও কঠোর’ আঘাত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহে বাধা দিলে ইরানকে ‘আগের চেয়ে আরও কঠোরভাবে’ আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল বন্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের ওপর আগের যেকোনো সময়ের চেয়ে কঠোরভাবে আঘাত হানা হবে।’ —আল জাজিরা।

৮ ক্ষেপণাস্ত্র ও ২৬ ড্রোন ভূপাতিতের দাবি সংযুক্ত আরব আমিরাতের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে অঞ্চলে উত্তেজনা চলাকালে আজ (মঙ্গলবার, ১০ মার্চ) নয়টি ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং একটি সাগরে পড়েছে। পাশাপাশি ২৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।—আল জাজিরা

হামলায় ইরানের ৯ হাসপাতাল অকার্যকর: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে ইরানে নয়টি হাসপাতাল আর কার্যকর নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সদস্য মোহাম্মদ জামালিয়ান। তিনি বলেন, দেশে ছয় মাসের জন্য পর্যাপ্ত ওষুধের মজুত রয়েছে। জরুরি রোগীদের জন্য জায়গা করতে কসমেটিক সার্জারি স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

ইরাকের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল ৭২ ঘণ্টা

ইরাকের আকাশসীমা সব আগমন, বহির্গমন ও ওভারফ্লাইটের জন্য আরও ৭২ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘অস্থায়ী সতর্কতামূলক ব্যবস্থা’ আজ (মঙ্গলবার, ১০ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে কার্যকর হয়েছে। আগামী (শুক্রবার, ১৩ মার্চ) একই সময় পর্যন্ত বলবৎ থাকবে।চলমান নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উন্নয়নের মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন কোনো আপডেট এলে তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও জানানো হয়।—আল জাজিরা


১০৫ ক্ষেপণাস্ত্র ও ১৭৬ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

ইরানের পাল্টা হামলা শুরুর পর থেকে ১০৫টি ক্ষেপণাস্ত্র ও ১৭৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড। এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী ও সম্পদ থাকা দেশগুলোর ওপর ইরানের হামলার প্রেক্ষাপটে এসব অস্ত্র ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ‘জঘন্য’ হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যক্রম অব্যাহত রেখেছে।—আল জাজিরা।

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। একটি বিমান হামলায় কাবরিখা শহর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এছাড়া ইসরাইলি যুদ্ধবিমান দেইর সিরিয়ান ও তাইবেহ শহরে হামলা চালায়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আনসারিয়েহ এলাকার কাছেও তারা বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, যে এলাকা থেকে ইসরাইলের দিকে রকেট ছোড়া হয়েছিল, সেখানে হিজবুল্লাহর একটি সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।—আল জাজিরা।

নেতানিয়াহুর মৃত্যুর খবর নাকচ করলো জেরুজালেম পোস্ট

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন জল্পনা তুলে গতকাল (সোমবার, ৯ মার্চ) প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের আইআরজিসি–ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি; তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি সংস্থাটি। জেরুজালেম পোস্ট জানিয়েছে ফারসি ভাষার প্রতিবেদনে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওচিত্রের অনুপস্থিতি থাকা, তার বাসভবনের নিরাপত্তা জোরদার নিয়ে হিব্রু গণমাধ্যমের খবর, জ্যারেড কুশনার ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সম্ভাব্য সফর স্থগিতের তথ্য এবং ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের ফরাসি বিবৃতিতে তারিখ উল্লেখ না থাকার বিষয়গুলো সে প্রতিবেদনে একত্র করা হয়েছে। তবে তাসনিম নিউজ এজেন্সি নিজেই জানিয়েছে, এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।—জেরুজালেম পোস্ট

মার্কিন-ইসরাইলি যুদ্ধকে ‘ব্যর্থতা’ বলে অভিহিত করেছেন আরাঘচি

মার্কিন-ইসরাইলি যুদ্ধকে ব্যর্থ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। তিনি বলেন, ‘পরিকল্পনা ‘‘এ’’ ব্যর্থ হয়েছে এবং এখন তারা অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু সেগুলোর সবগুলোই ব্যর্থ হয়েছে।’

তিনি আরও যোগ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা ‘এন্ডগেম’ নেই এবং সে কারণেই তারা আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা তিনি আহত হয়েছেন এ সংক্রান্ত কিছু বিষয় তুলে ধরা হয়েছে।

অস্ট্রেলিয়ায় পাঁচ ইরানি নারী ফুটবলারের রাজনৈতিক আশ্রয়

ইরানের পাঁচ নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের আশ্রয় দেওয়ার খবর নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি হোটেল থেকে পালিয়ে যান ইরানের ওই পাঁচ ফুটবলার। পরে তারা দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

ইরানের আরেক স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। এ হামলায় হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুলটির সংলগ্ন আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে।

ইরান যুদ্ধ নিয়ে সমাধানে পৌঁছাতে ট্রাম্পকে আহ্বান পুতিনের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে সমাধানে পৌঁছাতে মার্কিন প্রেসিডন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুই দেশের প্রেসিডেন্ট মঙ্গলবার (১০ মার্চ) এক ঘণ্টা ফোনে কথা বলেন।

পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ইঙ্গিতের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুঁজিবাজার।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ জিএমটি সময় সকাল ৫টা পর্যন্ত প্রায় ২.৫% বেড়েছে, যদিও সোমবার তা ৫ শতাংশের বেশি পড়ে গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে, যা আগের সেশনে কমেছিল ৬ শতাংশ। হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, ফলে আগের দিনের সব ক্ষতি পুষিয়ে গেছে।

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের পূর্বাভাস; কমেছে তেলের দাম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ পূর্বাভাসের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্রেন্ট ফিউচারস প্রতি ব্যারেলে ৬.৫১ ডলার বা ৬.৬% কমে ৯২.৪৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬.১২ ডলার বা ৬.৫% কমে ৮৮.৬৫ ডলারে নেমেছে।

পারস্য উপসাগরে বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

পারস্য উপসাগরীয় অঞ্চলের ১২টি দেশ ইরানের হামলার মুখে পড়ায় সেখানে সামরিক নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আমিরাতের অনুরোধেই সেখানে ‘ই-৭এ ওয়েজটেইল’ বিমান মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি আমিরাতকে উন্নতমানের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে অস্ট্রেলিয়া।

‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ৯ মার্চ) ফ্লোরিডার ডোরালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় গত ১০ দিন ধরে চলমান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবে আখ্যা দেন তিনি।

ট্রাম্প এমন এক সময়ে এ কথা বললেন, যখন ইরানের কট্টরপন্থীরা নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি আনুগত্য প্রদর্শন করছেন। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতার ছেলে।

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধে ইরানের হুমকি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

এ হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।

লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের ওপর রকেট হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে, তারা সীমান্ত সংলগ্ন এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আজ স্থানীয় সময় বিকেল ৫টায় লেবাননের সীমান্ত শহর মাইস আল-জাবাল-এ তাদের যোদ্ধারা ইসরাইলি সেনাদের একটি সমাবেশের ওপর হামলা চালিয়েছে।

ইসরাইলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান: আইডিএফ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এ কারণে ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করছে দেশটির সেনাবাহিনী।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হিজবুল্লাহর অভিনন্দন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় হিজবুল্লাহ তাকে অভিনন্দন জানিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ ইরানের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর প্রশংসা করে বলে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণের মধ্যেও অত্যন্ত দ্রুততার সঙ্গে নতুন নেতা নির্বাচন করা হয়েছে।

গোষ্ঠীটি বলেছে যে, মোজতবা খামেনির এ নিয়োগ ইরানের শত্রুদের ‘হতাশ ও বিভ্রান্ত’ করেছে। তারা এটিকে একটি বার্তা হিসেবে বর্ণনা করেছে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো হুমকিতে দমে যাবে না।

কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে আঘাত হানার দাবি আইআরজিসির

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌবাহিনী ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে কুয়েতের আল-আদিরি হেলিকপ্টার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয় যে, এ হামলায় ঘাঁটির জ্বালানি ও গ্যাস ট্যাংক, মার্কিন হেলিকপ্টার র‍্যাম্প, লজিস্টিকস এবং সহায়তা সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

তেহরান, ইসফাহান ও দক্ষিণ ইরানে নতুন দফা হামলা ইসরাইলের

তেহরান, ইসফাহান এবং দক্ষিণ ইরানজুড়ে ইরানি শাসকদের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একযোগে এ হামলা পরিচালনা করছে।

এ মুহূর্তে দেশ রক্ষা ছাড়া অন্য বিষয়ে কথা বলা ‌‘অপ্রাসঙ্গিক’: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ মুহূর্তে দেশ রক্ষা ছাড়া অন্য বিষয়ে কথা বলা ‌‘অপ্রাসঙ্গিক’। তিনি বলেন, ‘ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধ চলছে সেটি আমাদের পছন্দের নয় বরং প্রয়োজনের।’

তিনি বলেন, ‘আমরা এ যুদ্ধ শুরু বা সূত্রপাত করিনি। এটি আমাদের পছন্দের কোনো যুদ্ধ নয়। এটি একটি প্রয়োজনের যুদ্ধ যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

মধ্য ইসরাইলে হামলায় একজন নিহত, আহত ২

মধ্য ইসরাইলের ইহুদ এলাকায় একটি হামলার ঘটনায় একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) এ তথ্য জানিয়েছে। জানা যায়, মধ্য ইসরায়েলের ইহুদ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।

পুতিন তার বার্তায় আস্থা প্রকাশ করে বলেন, খামেনি তার পিতার কাজ ‘সম্মানের সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত

চলমান ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। চীনের বিশেষ দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি–স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

ঝাই জুন তার দেশকে রিয়াদের ভালো বন্ধু ও অংশীদার বলে বর্ণনা করেন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।

ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর টিম কেইন। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ শুরু করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন তিনি। যুদ্ধ বন্ধে তার সাধ্যের মধ্যে সবকিছু করবেন বলে জানিয়েছেন কেইন।

তিনি বলেন, ‘একেবারেই অগ্রহণযোগ্য পন্থায় আমাদের সন্তানদের বিপজ্জনক যুদ্ধে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্যও বিপজ্জনক।’

সর্বোচ্চ নেতা নির্বাচন ইরানের অভ্যন্তরীণ বিষয়: চীন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা স্পষ্টভাবে বলেছে যে, এটি ইরানের সম্পূর্ণ নিজস্ব বা অভ্যন্তরীণ বিষয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি ইরানের সংবিধানের ওপর ভিত্তি করে তাদের নিজস্ব একটি সিদ্ধান্ত।”

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা

বাহরাইনের প্রধান তেল শোধনাগারের হামলার ঘটনা ঘটেছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। আজ সোমবার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানিটি দেশটির প্রধান তেল শোধনাগার। এটি দেশটির জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।

প্রতি ব্যারেল তেলের দাম ছাড়ালো ১০০ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত প্রতি ব্যারল তেলের দাম বেড়ে ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে। ২০২০ সালে কভিড মহামারি শুরু হওয়ার পর থেকে এক দিনে এটিই তেলের দামের সর্বোচ্চ বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম ২৮ শতাংশ বেড়েছিল।

মুজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাঁকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’

উচ্চপদস্থ কর্মকর্তাসহ ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা: ইসরাইল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ১০ম দিনে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইল। আইডিএফ এক বিবৃতিতে জানয়, ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করা হয়েছে।

ইসরায়েলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুলকাসেম বাবাইয়ান নিহত হয়েছেন।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে রয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ কখন থামানো হবে সে বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসির।

রোববার (৮ মার্চ) ট্রাম্প বলেন, ‘এ যুদ্ধ শেষের ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে। আমি মনে করি এটি পারস্পরিক বিষয়। সঠিক সময়ে আমরা সিদ্ধান্ত নেব।’

বাহরাইনে ড্রোন হামলায় আহত অন্তত ৩২

বাহরাইনের রাজধানীর কাছে ‘ইরানের ড্রোন হামলায়’ অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র দুই মাস।

ইরানের হামলার পর তেল আবিবে বিস্ফোরণ

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোঁড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং জানিয়েছিল যে, প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

ইইসরাইলি বিভিন্ন শহরে সাইরেনও বাজানো হচ্ছিলো যার মাঝে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরাইলের ওপর আজ দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হলো। এর এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল যে তারা বেয়ারশেবা এবং তেল আভিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।—আল জাজিরা

ইরানে বেসামরিকদের ঘরে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, ইরানি বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘এই বিপজ্জনক সিদ্ধান্ত ইরানের সব বেসামরিক নাগরিকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত মর্যাদা হারায় এবং বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।’—আল জাজিরা

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। —আল জাজিরা

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩৯৪, শিশু ৮৩: স্বাস্থ্য মন্ত্রণালয়

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলায় অন্তত ১ হাজার ১৩০ জন আহত হয়েছেন।—আল জাজিরা

আরব আমিরাতের একজন বাসিন্দা নিহত

সংযুক্ত আরব আমিরাত কয়েক দফায় ‘ইরান থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ প্রতিহত করার কথা জানিয়েছে। কিন্তু প্রতিহত করা অস্ত্রের এক টুকরা ভূপাতিত হয়ে দুবাইয়ের একজন বাসিন্দা নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ (রোববার, ৮ মার্চ) আরব আমিরাতের কর্মকর্তারা জানান, যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করছে, অন্যদিকে যুদ্ধবিমানগুলো ড্রোন ও অন্যান্য আকাশযানকে প্রতিহত করার কাজ করছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ, এখনো নাম ঘোষণা হয়নি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টস সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন সদস্যরা। তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি। আইএসএনএর বরাতে সদস্য মোহসেন হেইদারি বলেন, সংখ্যাগরিষ্ঠের অনুমোদনপ্রাপ্ত সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ফার্সে প্রকাশিত এক ভিডিওতে সদস্য মোহাম্মদ মেহদি মিরবাঘেরিও বলেন, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দৃঢ় সিদ্ধান্ত নেয়া হয়েছে।—আল জাজিরা

ইরানের পাল্টা হামলার পর ইসরাইলে হাসপাতালে প্রায় ২ হাজার

ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে অন্তত ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫৭ জন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জনের মাঝারি এবং ৭০ জনের অবস্থা সামান্য।—আল জাজিরা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ধ্বংস ৯,৬৬৯ বেসামরিক ইউনিট: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে অন্তত ৯ হাজার ৬৬৯টি বেসামরিক ইউনিট ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। ত্রাণ সংস্থাটির দেয়া পরিসংখ্যানে বলা হয়, ধ্বংস হওয়া ইউনিটগুলোর মধ্যে রয়েছে ৭ হাজার ৯৪৩টি আবাসিক ইউনিট এবং ১ হাজার ৬১৭টি বাণিজ্যিক ইউনিট।—আল জাজিরা

আঞ্চলিক আকাশসীমা বন্ধ, ৯ গন্তব্যে ফ্লাইট বাতিল ওমান এয়ারের

আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকায় ৯টি গন্তব্যে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ওমান এয়ার। বিমান সংস্থাটি জানিয়েছে, অঞ্চলে আকাশসীমা অব্যাহতভাবে বন্ধ থাকায় ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, কোপেনহেগেন, বাগদাদ ও খাসাব—এই নয়টি গন্তব্যে যাওয়া-আসার সব ফ্লাইট বাতিল করা হয়েছে।—আল জাজিরা

টানা ছয় মাস ‘তীব্র যুদ্ধ’ চালাতে পারবে ইরান: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বর্তমান গতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ছয় মাস পর্যন্ত ‘তীব্র যুদ্ধ’ চালাতে সক্ষম দেশটি। বার্তা সংস্থা ফার্সের বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এ কথা বলেন।

নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান ‘প্রথম ও দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে আগামী দিনগুলোতে ‘উন্নত ও কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হবে।—আল জাজিরা

তেহরান–আলবোরজে তেল ডিপোতে ইসরাইলের হামলায় নিহত ৪

ইরানে তেল সংরক্ষণাগারে ইসরাইলের হামলায় অন্তত চারজন ট্যাংকারচালক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্সের বরাত আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরান ও আলবোরজ প্রদেশে চারটি তেল সংরক্ষণাগার এবং একটি তেল উৎপাদন স্থানান্তর কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার পরও জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, নিরাপত্তা বাহিনী বর্তমানে অগ্নিনির্বাপণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী প্রয়োজন নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।—আল জাজিরা

তেহরানে আইআরজিসির বিমানবাহিনীর সদর দপ্তরে হামলার দাবি ইসরাইলের

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানের কেন্দ্রস্থলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমানবাহিনীর কেন্দ্রীয় আকাশ প্রতিরক্ষা কমান্ড সেন্টার-এ হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়, ওই কেন্দ্রের কাছাকাছি থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সদর দপ্তর, গুদাম এবং অন্যান্য স্থাপনাতেও হামলা করা হয়েছে।

ইরানে হামলা ‘বিশ্বের উপকারে’, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘বিশ্বের উপকারে’ করা ‘সেবা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই অভিযানের অগ্রগতিকে তিনি দশের এর মধ্যে পনেরো দেবেন। এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় এক হাজার ৩৩০ জনের বেশি নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হতে পারে: ইরানের দাবি

নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোতে তেহরান কেবল সামরিক ঘাঁটি ও মার্কিন সম্পদকেই লক্ষ্যবস্তু করেছে।

বেসামরিক স্থাপনায় হামলার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মিশনটি বলেছে, প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, কিছু ঘটনা মার্কিন ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিহত করার প্রেক্ষিতে ঘটতে পারে, যা ক্ষেপণাস্ত্রগুলোকে নির্ধারিত সামরিক লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। —আল জাজিরা


তেহরানে রাতভর হামলায় আইআরজিসির ১৬ উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরাইলের

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তেহরানে রাতভর চালানো হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের ১৬টি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। কুদস ফোর্স ইরানের সীমান্তের বাইরে অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে। এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী ইরানের রাজধানীজুড়ে হামলা চালিয়েছে। এর মধ্যে মেহরাবাদ বিমানবন্দরেও হামলা অন্তর্ভুক্ত ছিল।

সেনাবাহিনী দাবি করে, মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র ও অর্থ স্থানান্তরের কেন্দ্র হিসেবে মেহরাবাদ বিমানবন্দর ব্যবহার করত কুদস ফোর্স। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। —আল জাজিরা

ইরানের বিরুদ্ধে আরও হামলার ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। আজ (শনিবার, ৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, আজ ইরানকে খুব ‘কঠোরভাবে আঘাত’ করা হতে পারে। তিনি আরও জানান, প্রয়োজনে ইরানের নতুন এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

ট্রাম্প বলেন, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এখন পর্যন্ত হামলার তালিকায় না থাকা কিছু এলাকাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক চাপে ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে।—আল জাজিরা

হাইপারসনিক ফাতাহ ও এমাদ মিসাইলে নতুন হামলার ঘোষণা আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সামরিক ও সামরিক সহায়ক স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ব্যবহার করে ২৫তম হামলার ঘোষণা দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসি জানায়, এ অভিযানে হাইপারসনিক ফাতাহ মিসাইল এবং ব্যালিস্টিক এমাদ মিসাইল ব্যবহার করা হয়েছে।—আল জাজিরা


সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।—আল জাজিরা

ড্রোন বিস্ফোরণের পর ফের দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

ইরান থেকে হামলার সময় আকাশে ড্রোন প্রতিহতের পর আজ (শনিবার, ৭ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে আবারও কার্যক্রম স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই মিডিয়া অফিস জানায়, যাত্রী, কর্মী ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।—ডেক্কান ক্রনিকল

তেহরান–ইসফাহানে অবকাঠামো লক্ষ্য করে ইসরাইলের নতুন দফা হামলা

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা তেহরান ও ইসফাহানে ইরানের অবকাঠামো লক্ষ্য করে “বিস্তৃত পরিসরে” নতুন হামলা শুরু করেছে। ইরানে হামলা নিয়ে আজ (শনিবার, ৭ মার্চ) ইংরেজি টেলিগ্রাম চ্যানেলে এটিই আইডিএফের প্রথম ঘোষণা। —আল জাজিরা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র বাহিনীর অপেক্ষায় আইআরজিসি!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) শনিবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পাহারায় থাকা মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে।

বর্তমানে ওই অঞ্চলে যুদ্ধ চলায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন জ্বালানি সচিব ঘোষণা করেছেন, পরিস্থিতি অনুকূলে এলেই তাদের নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ ঘোষণার পরই আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘আমরা তাদের অপেক্ষায় আছি।’

হামলা না এলে প্রতিবেশী দেশকে আর আঘাত নয়: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী কোনো দেশ থেকে হামলা না হলে সেসব দেশকে আর লক্ষ্যবস্তু করা হবে না। তিনি জানান, গতকাল (শুক্রবার, ৬ মার্চ) ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

ইরানি গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেন।—আল জাজিরা

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৬

লেবাননের নবী চিত এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর চালানো এই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া এই ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন।

দুবাইয়ের সব ফ্লাইট বাতিল করলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত আগামীতে কোনো ঘোষণা দেয়ার আগ পর্যন্ত দুবাইয়ের সব ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার রয়টার্স সংবাদ সংস্থাকে কোম্পানির এক মুখপাত্র জানিয়েছিলেন যে, আমিরাত আগামী কয়েক দিনের মধ্যে তাদের নেটওয়ার্কের ১০০ শতাংশে ফিরে আসার আশা করছে—ঠিক তার পরদিনই এ নতুন সিদ্ধান্তের ব্যাপারে জানানো হলো।—আল জাজিরা

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া— মার্কিন কর্মকর্তাদের অভিযোগ

যুদ্ধের ৮ম দিনে ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, জর্ডান ও সৌদি আরবের রিয়াদে। বিপরীতে রাজধানী তেহরানের সামরিক লক্ষ্যবস্তু ও বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলা হয়েছে তেহরানের মেহেরবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের অভিযোগ, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রকে সীমিত পরিসরে প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমরা সরাসরি যুদ্ধে জড়াতে চাই না। তবে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা দেয়া আমাদের প্রধান দায়িত্ব। এ কারণে যুক্তরাষ্ট্রকে অনুরোধের ভিত্তিতে আমাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছি।’

গোলান মালভূমিতে ইসরাইলি ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

অধিকৃত সিরীয় গোলান মালভূমির একটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা আজ স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ একঝাঁক ড্রোন (সোয়াড্রন অব ড্রোন) দিয়ে কাতসাফিয়া ঘাঁটিতে এ হামলাটি পরিচালনা করেছে।

নিঃশর্ত আত্মসমর্পণ না করলে ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। ইরানের আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল থেকে ফিরতে চান ৩,৫০০ কানাডীয়

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রায় ৩,৫০০ নাগরিক আবেদন করেছেন।

অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল ব্রিফিংয়ে আনন্দ বলেন, “আজ সকাল পর্যন্ত ওই অঞ্চলে অবস্থানরত ১ লাখ ৮ হাজারের বেশি কানাডীয় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স’-এ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ৩,৫০০ জন দেশ ত্যাগের জন্য সহায়তার অনুরোধ জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন।

লেবানন সীমান্তে অ্যান্টি-ট্যাংক হামলায় ৮ ইসরাইলি সেনা আহত

লেবানন সীমান্তের কাছে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

আহতদের মধ্যে গিভাতি ব্রিগেডের ৫ সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া একই ব্রিগেডের আরও ৩ জন সেনা সামান্য আহত হন। আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মধ্যপ্রাচ্য থেকে আরও সেনা প্রত্যাহার করছে জার্মানি

জার্মান সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে যে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের সপ্তম দিনে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্য থেকে আরও বুন্দেসভেয়ার সেনা সরিয়ে নিয়েছে জার্মানি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মুখপাত্র জানান, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে নিয়োজিত সেনাদের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে প্রত্যাহার করা হচ্ছে। জার্মানি এরইমধ্যে উত্তর ইরাকের ইরবিলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

লেবানন সীমান্তে অভিযানে ইসরাইলি অর্থমন্ত্রীর ছেলে আহত

লেবানন সীমান্তে সামরিক অভিযানের সময় আহত হয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলে। একই ঘটনায় আরও কয়েকজন ইসরাইলি সেনাও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত সামরিক কার্যক্রম পরিচালনার সময় এ ঘটনা ঘটে। তবে আহতদের আঘাতের মাত্রা কিংবা সংঘর্ষের বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

স্কুলে হামলার তদন্ত দ্রুত সম্পন্নের আহ্বান ভলকার তুর্কের

ইরানে মেয়েদের একটি স্কুলে ১৭৫ জন নিহতের ঘটনার তদন্ত খুব দ্রুত সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক।

জেনিভায় তিনি সাংবাদিকদের বলেন, আমরা যা চাইছি তা হলো স্পষ্টতই দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং আমরা বুঝতে পারছি যে এটি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে।’

জোর দিয়ে তুর্ক বলেন, ‘এটি খুব দ্রুত হওয়া দরকার এবং আমাদের নিশ্চিত করতে হবে যে দায়বদ্ধতা থাকবে এবং ভুক্তভোগীরা প্রতিকার পাবে।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মিনাবে ঘটে যাওয়া হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করছে।

লেবাননে নিহত ৫

দক্ষিণ লেবাননের সাইডন শহরে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কত ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বাহরাইন

মার্কিন-ইসরাইল হামলার পাল্টায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়ে আসছে। এর মধ্যে বিপুল সংখ্যক হামলা ঠেকানোর দাবি করেছে বাহরাইন ডিফেন্স ফোর্স।

ইরানের এসব হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ বর্ণনা করে এই ফোর্সের জেনারেল কমান্ড এক বিবৃতিতে বলেছে, তারা ইতোমধ্যে ৭৮টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৩টি ড্রোন ধ্বংস করে দিয়েছে।

ইরানে ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণা

মার্কিন-ইসরাইলি হামলার মুখে থাকা ইরান জানিয়েছে, তারা ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম ফের চালু করবে। ঘোষণা অনুযায়ী, তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী দপ্তরে রোববার থেকে ২০ শতাংশ কর্মী সরাসরি কর্মস্থলে থেকে কাজ করবেন।

ঘোষণায় আরও বলা হয়েছে, প্রদেশের সব নারী কর্মী ভার্চুয়ালি কাজ করবেন। কিছু ব্যাংক খোলা থাকবে।

সেবা প্রদানকারী সংস্থার অপারেশনাল ইউনিট, পৌরসভা, চিকিৎসা কেন্দ্র এবং সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

তেহরান প্রদেশের ব্যবস্থাপনা পর্যায়ের সব কর্মকর্তাদের বাসা থেকে কাজের সুযোগ থাকবে না; তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের দাবি

ইসরাইলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমন তথ্য জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে চারজন গ্রেপ্তার

লন্ডন পুলিশ জানিয়েছে, ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ইরানি নাগরিক এবং তিনজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক। লন্ডনের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনাগুলোর ওপর নজরদারির অভিযোগে তদন্তের পর তাদের আটক করা হয়।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২২, ৪০, ৫২ ও ৫৫ বছর বয়সী ওই চারজনকে গত রাতে উত্তর লন্ডন ও এর আশপাশের বিভিন্ন ঠিকানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান সম্পর্কিত সন্ত্রাসবিরোধী তদন্তে লন্ডনে গ্রেপ্তার ৪

বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার অভিযোগে এক ইরানি এবং তিনজন দ্বৈত ব্রিটিশ-ইরানিকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

বিবিসি লিখেছে, লন্ডনে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ও ব্যক্তির ওপর সম্ভাব্য নজরদারি অভিযোগের সঙ্গে তদন্তটি সম্পর্কিত।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ ও ৫৫ বছর বয়সি দুজনকে বার্নেটে, ৫২ বছর বয়সি একজনকে ওয়াটফোর্ডে এবং ২২ বছর বয়সি একজনকে হাররো থেকে আটক করা হয়েছে।

এছাড়া হাররো থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ২৯, ৩৯, ৪২, ৪৯ এবং দুজনের বয়স ২০ বছর। তাদের বিরুদ্ধে অপরাধে সহায়তা করার সন্দেহ করা হচ্ছে।

দুবাই থেকে যুক্তরাজ্যে যেতে ২০ হাজারের বেশি ডলারে ফ্লাইট বুক

মধ্যপ্রাচ্য থেকে সরতে বিপুল পরিমাণ অর্থ গুনছেন অনেক যাত্রীই। বৃহস্পতিবার ওমান থেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরা কিছু যাত্রী জানান, দুবাই থেকে বাড়ি ফেরার পথ খুঁজে পাওয়া ছিল ‘পুরোপুরিই বিশৃঙ্খল’।

ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর এড শর্ট নামের একজন রয়টার্সকে বলেন, ‘আমরা বিমানে উঠতে মাস্কাটে (ওমান) যাওয়ার জন্য ১,৫০০ পাউন্ড (২,০০৫ ডলার) খরচ করেছি।’

তিনি বলেন, ‘এর আগে এমিরেটসের ফ্লাইট বুক করতে প্রায় ২০ হাজার পাউন্ড গুনতে হয়েছে আমাদের।’

ইরান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের খরচ ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় প্রায় ৩.৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় ৮৯১.৪ মিলিয়ন ডলার। যুদ্ধব্যয়ের এ তথ্য তুলে ধরেছে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ওয়াশিংটন ডিসিভিত্তিক এ গবেষণা প্রতিষ্ঠান বলেছে, যুদ্ধ চালিয়ে যেতে বর্তমান বাজেটের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে প্রতিরক্ষা বিভাগের।

ইরানে ৩ সহস্রাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কলিভান্দ।

তিনি বলেছেন, এর মধ্যে ৩০৯০টি বাড়ি, ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র; ১৪টি চিকিৎসা বা ওষুধ সংক্রান্ত স্থাপনা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ৯টি স্থাপনা রয়েছে।

বেশিরভাগ লক্ষ্যবস্তুই ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার’ ছিল বলে জানিয়েছেন কলিভান্দ।

চুক্তির জন্য ইরান ডাকছে: ট্রাম্প

মার্কিন-ইসরাইলি হামলার মধ্যেই তেহারান চুক্তি করতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে হওয়া এ যুদ্ধে তেলের ওপর যে চাপ ফেলেছে তা কমাতে শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) তিনি জানিয়েছেন।

হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা ডাকছে, বলছে, ‘‘একটি চুক্তি করলে কেমন হয়?’’, আমি বলেছি, তোমরা খানিকটা দেরি করে ফেলেছো।’

জর্ডানে ড্রোন হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

জর্ডানে একটি ‘গুরুত্বপূর্ণ’ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে তারা বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।

সশস্ত্র গোষ্ঠীটি এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি। শুক্রবার সকালে আল জাজিরা অ্যারাবিক জানায়, জর্ডানের আকাবা শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।

মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ শিশু নিহত: ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে শনিবার থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শ’ দুয়েক শিশুর প্রাণ ঝরেছে বলে জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলেছে, তাদের মধ্যে ইরানে মারা গেছে অন্তত ১৮১ জন, লেবাননে ৭ জন, ইসরায়েলে ৩ জন এবং কুয়েতে এক শিশুর মৃত্যু হয়েছে।

‌‘শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু অগ্রহণযোগ্যভাবে তাদের বড় মূল্য চুকাতে হয়। মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে ইতোমধ্যেই শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে,’ বলছে ইউনিসেফ।

ইসরায়েলের সতর্কবার্তার পর বৈরুত ছাড়ছেন মানুষ

ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলার পর অনেক মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করেছেন। এতে রাস্তায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

এর আগে একটি জরুরি সতর্কবার্তায় ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ‘জীবন বাঁচাতে দ্রুত ঘরবাড়ি ছেড়ে চলে যেতে’ বলেছে।

ইসরায়েল এবং ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই এই সতর্কতা দেওয়া হয়েছে।

এর আগের দিন ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার মানুষকে উত্তর দিকে সরে যেতে বলেছিল।

দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করলো আজারবাইজান

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের চারটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে বলে অভিযোগ করে আজারবাইজান দক্ষিণাঞ্চলের আকাশসীমার একটি অংশ বন্ধ করেছে।

আজারবাইজান কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই আকাশসীমা ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল, ইরান তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং সেই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

‘কুৎসিত’ ড্রোন ঘটনার জন্য ইরানকে ক্ষমা চাইতে হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, দেশটির স্বায়ত্তশাসিত এক্সক্লেভ নাখচিভানে একটি ড্রোন হামলায় দুজন আহত হওয়ার ঘটনায় ইরানকে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। এমন তথ্য উঠে এসে আল জাজিরার প্রতিবেদনে।

ইরাকের আরবিলে মার্কিন সেনা থাকা ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর ইরাকের আরবিলে (এরবিল) মার্কিন সেনা অবস্থান করা একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। এমন তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত বেড়ে ১,২৩০

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা।

ইরানে হামলা নিয়ে নীরব থাকলে ইইউ দেশগুলোকে ‘মূল্য’ দিতে হবে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী হামলা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো নীরব থাকলে শিগগির বা পরে তাদের ‘মূল্য’ দিতে হবে। স্পেনের সম্প্রচারমাধ্যম টিভিকে দেয়া মন্তব্যে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দে দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা—দাবি ইরানের

ইরানি আধা-সরকারি ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি স্কুলে আঘাত করেছে। এমনটাই জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদ সংস্থাটি একটি শ্রেণিকক্ষের মতো দেখানো স্থানে ক্ষয়ক্ষতি ও ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, কাছাকাছি কয়েকটি আবাসিক ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়েতে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ইরান জানিয়েছে, কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে তারা আরও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।

সাইপ্রাস সুরক্ষায় স্পেন-ইতালি-নেদারল্যান্ডসের সহায়তা, যুক্তরাজ্যের জাহাজ দেরিতে সমালোচনা

ব্রিটিশ একটি যুদ্ধজাহাজের যাত্রা বিলম্বিত হওয়ায় সাইপ্রাস সুরক্ষায় সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপের কয়েকটি দেশ।স্পেন, ইতালি ও নেদারল্যান্ডস জানিয়েছে, তারা ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে সাইপ্রাসকে সাহায্য দেবে। এমন তথ্য দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

উল্লেখ, সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটি আকরোতিরি (সোমবার, ২ মার্চ) ইরানি ড্রোন হামলার শিকার হওয়ার পর ফ্রান্স এরইমধ্যে তাদের প্রধান পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরিকে ভূমধ্যসাগরে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ইউরোপীয় দেশগুলোর এসব ঘোষণার মধ্যে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে ঘাঁটি সুরক্ষায় প্রস্তুত করা হলেও সেটি আগামী সপ্তাহের আগে যাত্রা শুরু করবে না বলে জানানো হয়েছে।

ইরানের ড্রোন হামলার পর সাইপ্রাসে নৌ-সরঞ্জামদি পাঠাচ্ছে ইউরোপের কয়েকটি দেশ

ইতালি, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস আগামী কয়েক দিনে সাইপ্রাসকে সুরক্ষা দিতে দেশটিতে নৌ-সরঞ্জামদি পাঠাচ্ছে বলে জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি পার্লামেন্টে এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাদ্রিদ একটি ফ্রিগেট পাঠাবে। গত (সোমবার, ২ মার্চ) সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ বিমানঘাঁটি ইরান-নির্মিত ড্রোনের লক্ষ্যবস্তু হওয়ার পর গ্রিস ও ফ্রান্সও দ্বীপটিতে বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর কথা জানিয়েছে।


ইসরাইলের দিকে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়: আইডিএফ

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে “নিক্ষেপ করা” নতুন দফা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইডিএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে বলেছে, তারা এসব হুমকি প্রতিহত করতে কাজ করছে। একই সঙ্গে জনসাধারণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। দোহা শহরের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর এই বিবৃতি এলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামেদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের হামেদান প্রদেশের আকাশে ইসরাইলের একটি ‘হারমেস’ ড্রোন ভূপাতিত করেছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—এমন দাবি করেছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্য দিয়েছে।

ইরানের কোম ও ইসফাহানে হামলার দাবি ইসরাইলের

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, গতকাল (বুধবার, ৪ মার্চ)  রাতভর ইরানের কোম শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ‘সেটি ইসরাইলের দিকে ছোঁড়ার জন্য প্রস্তুত ছিল।’

আইডিএফ আরও জানিয়েছে, ইসফাহান শহরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও “ক্ষতিগ্রস্ত” হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানে পানি ও বিদ্যুৎ সরবরাহ স্থাপনায় ক্ষয়ক্ষতির কথা বললেন জ্বালানিমন্ত্রী

ইরানের জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় দেশের বিভিন্ন অংশে পানি ও বিদ্যুৎ সরবরাহ–সংক্রান্ত স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (আইআরআইবি) এ তথ্য জানিয়েছে। 

জ্বালানিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে মেরামতের কাজ চলছে। তিনি আরও বলেন, পানি ও বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সতর্ক থাকতে হবে।

দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ফের সরিয়ে নেয়ার হুঁশিয়ারি ইসরাইলি সেনাবাহিনীর

ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উদ্দেশে আবারও এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে। এতে বাসিন্দাদের ‘লিতানি নদীর উত্তরে সরিয়ে যেতে’ সতর্ক করে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘হিজবুল্লাহর সদস্য, স্থাপনা বা যুদ্ধসামগ্রীর কাছাকাছি কেউ থাকলে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন।’ আরও বলা হয়, ‘সামরিক উদ্দেশ্যে হিজবুল্লাহ যে কোনো বাড়ি ব্যবহার করলে সেটি লক্ষ্যবস্তু হতে পারে।’

৬ দিনে ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ছয়দিনের মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। পাল্টা হামলায় ছয় শতাধিক মার্কিন সেনা নিহতদের দাবি তেহরানের। এ অবস্থায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মুজতবাকে হত্যার হুমকি ইসরাইলের। এমন পরিস্থিতিতে খামেনির দাফন নিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করেছে ইরান।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তুরস্কেও ইরানি হামলার খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় পারস্য উপসাগরে প্রায় ২০০ ট্যাংকার আটকা

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে প্রায় ২০০টি আন্তর্জাতিক তেলের ট্যাংকার আটকে রয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) বিবিসি ফার্সির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

এসব ট্যাংকারের মালিকরা অপেক্ষা করছেন—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কি না তা দেখার জন্য।

ইরানি যুদ্ধজাহাজ ডুবি: ৮৭ মরদেহ উদ্ধার শ্রীলঙ্কার নৌবাহিনীর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হাতে নিমজ্জিত ইরানি যুদ্ধজাহাজটি থেকে এ পর্যন্ত অন্তত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

এপির প্রতিবেদন অনুযায়ী, কমান্ডার বুদ্ধিকা সম্পাথ এক বিবৃতিতে জানিয়েছেন যে, নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর সময় জাহাজটির কোনো চিহ্ন দেখা যায়নি।

তিনি বলেন, ‘আমরা মানুষকে পানির ওপর ভাসমান অবস্থায় পেয়েছি।’

যুদ্ধে এক সপ্তাহে ইসরাইলের ক্ষতি ২.৯ বিলিয়ন ডলার

ইসরাইলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে দেশটির অর্থনীতির ক্ষয়ক্ষতি প্রতি সপ্তাহে অন্তত ৯ বিলিয়ন শেকেল বা ২.৯ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে খামেনির স্মরণানুষ্ঠান স্থগিত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে স্মরণে তেহরানে আজ (বুধবার, ৪ মার্চ) স্থানীয় সময় রাত ১০টায় যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আয়োজন সংক্রান্ত কিছু লজিস্টিক সমস্যার কারণে অনুষ্ঠান পিছিয়েছে।

ইরানে নিহত বেড়ে ১,০৪৫: বার্তা সংস্থা তাসনিম

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

ইসরাইলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৬৫ হাজারের বেশি: সমাজবিষয়ক মন্ত্রী

লেবাননের সমাজবিষয়ক মন্ত্রী হানিন সাইয়েদ আল জাজিরাকে বলেছেন, সাম্প্রতিক ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত হয়ে ৬৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে নিবন্ধন করেছেন।

তিনি আরও জানান, তার মন্ত্রণালয়ের হিসাবে আরও ১০ হাজার থেকে ২০ হাজার মানুষ এবার বাস্তুচ্যুত হয়েছেন। তবে তারা এখনো রাস্তায় আছেন বা বন্ধু ও পরিবারের সঙ্গে আশ্রয় নিয়েছেন এবং তাদের সহায়তা পেতে নিবন্ধনের প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।

খামেনির উত্তরসূরিকেও হত্যার হুমকি ইসরাইলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যেকোনো উত্তরসূরিকেও হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইরানের যে কোনো নতুন নেতা ইসরাইল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে গেলে, তিনি নিশ্চিতভাবে হত্যার লক্ষ্যবস্তু হবেন। তুর্কিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাটজ বলেন, ‘ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যদি এমন কোনো নেতাকে নির্বাচন করে, যিনি ইসরাইল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাবেন, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোকে হুমকি দেবেন এবং ইরানি জনগণকে দমন করবেন—তাহলে তার নাম বা তিনি কোথায় লুকিয়ে আছেন, তা বিবেচ্য হবে না; তিনি অবশ্যই হত্যার লক্ষ্যবস্তু হবেন।’

কাটজ আরও জানান তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন—‘অপারেশন রোরিং লায়ন’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই মিশন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।

কারমানে ‘হার্মেস’ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

ইরানের তাসনিম বার্তা সংস্থার খবর অনুযায়ী, কারমান প্রদেশে আইআরজিসির আঞ্চলিক ইউনিট দাবি করেছে, কারমান শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র বা ইসরাইল থেকে ছোড়া একটি ‘হার্মেস’ ড্রোন ধ্বংস করেছে তারা।

আইআরজিসি আরও বলেছে, গত এক দিনে তারা মোট তিনটি ‘হার্মেস’ ড্রোন ভূপাতিত করেছে।

তেহরানে আজ রাতে খামেনির স্মরণে তিন দিনের বিদায়ী সমারোহ শুরু

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকেরা আজ (বুধবার, ৫ মার্চ) ইরানের স্থানীয় সময় রাত ১০টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লার নামাজ হল–এ জড়ো হবেন। এ আয়োজনের মাধ্যমে তিন দিনের বিদায়ী সমারোহ শুরু হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের বিস্তারিত এখনো চূড়ান্ত করা হচ্ছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে।

যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি হয়ে বন্দরে এলো তেলের ট্যাংকার

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর প্রায় পরপরই উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। কিন্তু এর মধ্যেই অপরিশোধিত তেল বোঝাই করার জন্য একটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ⁠বন্দরে যাওয়ার পথে যাত্রা করেছে।

রয়টার্স জানিয়েছে, পোলা নামক ট্যাংকারটি গত ২ মার্চ গভীর রাতে প্রণালির কাছে পৌঁছানোর সময় এআইএস ট্র্যাকার বন্ধ করে দেয়। গতকাল মঙ্গলবার আবুধাবি থেকে জাহাজটি পুনরায় দেখা যায়। থাইল্যান্ডের জন্য আবুধাবি মুরবানে অপরিশোধিত তেল লোড করার জন্য ট্যাংকারটি জেবেল ধন্না বন্দরের দিকে যাচ্ছে।

ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।

ব্র্যাড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন।

সৌদির পূর্বাঞ্চলে ড্রোন ভূপাতিত, আল-খারজে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র বলেছেন, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে বুধবারই রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে আল-খারজ এলাকায় সৌদি বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর, সিআইএ স্টেশনও আক্রান্ত: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার-সিআইএ স্টেশনে গত (সোমবার, ২ মার্চ) সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হেনেছে। আজ ( বুধবার, ৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে স্টেশনটি হামলার লক্ষ্য ছিল—এমন কোনো ইঙ্গিত নেই বলে রয়টার্সের সূত্র জানিয়েছে। এ বিষয়ে সিআইএ এখনো মন্তব্য করেনি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস কমপ্লেক্সে দুটি ড্রোন আঘাত হানে। এতে সীমিত আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষতি হয়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের মিশন দূতাবাস এলাকায় না যেতে সতর্ক করে এবং মঙ্গলবার নিয়মিত ও জরুরি কনস্যুলার সেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে।

এছাড়া মিশনটি ধাহরান এলাকায় ‘তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্র ও ইউএভি হামলার হুমকি’ আছে বলে নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে এবং কনস্যুলেটে না মানা করা হয়েছে।

ওমানে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, আশ্রয়ে থাকার নির্দেশ

ওমানে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মী ও দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘চলমান পরিস্থিতির কারণে সবাইকে নিজ বাসা বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে বা অন্য কোনো নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হচ্ছে।’

তেহরান ও কারাজে হামলার আগাম সতর্কবার্তা ইসরাইলি সেনাবাহিনীর

তেহরানের একটি শিল্প এলাকা ও কারাজ শহরের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হামলা চালানোর আগে সবাইকে সরিয়ে নেয়ার হুমকি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে’ এসব এলাকায় হামলা চালানো হবে।

ফার্সি ভাষায় পরিচালিত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী তেহরানের হাকিমিয়েহ শিল্প এলাকা এবং কারাজের পায়াম আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এ সতর্ক বার্তা জারি করে।

লেবাননে দুই দিনে নিহত অন্তত ৪০, আহত ২৪৬

সোমবার ও মঙ্গলবার লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

মুখপাত্র বলেন, সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫২ জনের মৃত্যুর যে সংখ্যা জানানো হয়েছিল, তা ছিল একটি কারিগরি ত্রুটি।

কিছু উপজাত পণ্য উৎপাদন বন্ধ করবে কাতারএনার্জি

এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধের সিদ্ধান্তের পর এবার কিছু উপজাত পণ্যের উৎপাদনও বন্ধ করছে কাতারএনার্জি। যার মধ্যে রয়েছে ইউরিয়া, পলিমার, মিথানল, অ্যালুমিনিয়াম ও অন্যান্য পণ্য,” এক্স পোস্টে বলেছে কোম্পানিটি। এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কাতারের দুটি স্থাপনা হামলার শিকার হওয়ার পর এ ঘোষণা এল।

ইরানে প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরাইলের

তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডএফ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ‘অসংখ্য গোলাবারুদ’ নিক্ষেপ করা হয়েছে।

ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি রাশিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের আক্রমণ অব্যাহত রাখলেও মস্কো এখন পর্যন্ত ইরান কর্তৃক পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি।

ব্রুনাইতে অবস্থানকালে লাভরভ বলেন, ‘আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—যা ছিল এ যুদ্ধের অন্যতম প্রধান অজুহাত।’

মিনাবের স্কুলে হামলায় নিহত ১৬৫ জনের গণদাফন

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি গার্লস স্কুলে গত (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থী ও কর্মীর জন্য গণদাফন অনুষ্ঠিত হয়েছে। ইরান এ হামলাকে যুক্তরাষ্ট্র-ইসরাইলি যৌথ আক্রমণ হিসেবে বর্ণনা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই এলাকায় ইসরাইল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়।

লাহোর ও করাচিতে বাণিজ্যিক ফ্লাইট চলাচল আংশিক বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর অংশ হিসেবে মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাকিস্তানের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের গন্তব্যের মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংখ্যায় ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার প্রভাব

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সবশেষ হালনাগাদ অনুযায়ী, দেশজুড়ে চলমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক হামলায় অন্তত ১৫৩টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৫০৪টি স্থাপনায় আঘাত হানা হয়েছে। নথিভুক্ত হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১,০৩৯টি। যেখানে অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

আলোচনা নয়, শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেহরান: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আলোচনা নয়, শত্রুদের বিরুদ্ধে তেহরান লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্স তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের অংশীদাররা যদি সমর্থন চায় তবে তাদের রক্ষা করতে ফ্রান্স প্রস্তুত এবং প্রয়োজনে হস্তক্ষেপ করার অধিকারও ফ্রান্সের রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধ বর্তমানে অঞ্চলের বেশ কয়েকটি দেশকে এ সংঘাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, প্রতিরক্ষা চুক্তি এবং সামরিক ঘাঁটির মতো স্বার্থ জড়িয়ে রয়েছে।’

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। ইরানের রেড ক্রিসেন্টের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পশ্চিম ইরানে আবাসিক এলাকায় হামলা: নিহত ৫, আহত ২৫

পশ্চিম ইরানের হামাদান শহরের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা মেহর জানিয়েছে, হামলায় জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানা হয়, ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা

মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ছাড়তে নাগরিকদের যুক্তরাষ্ট্রের বার্তা

চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখন ছাড়তে মার্কিনিদের জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এ কথা জানানো হয়।

দেশগুলো হলো, বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলীয় গেরাশ অঞ্চলে আজ একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৪.৩, যার কেন্দ্রস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচন ‘দীর্ঘ হবে না’: বিশিষ্ট কর্মকর্তা

ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের এক সদস্য জানিয়েছেন, নতুন সুপ্রিম লিডারের নির্বাচন ‘দীর্ঘ হবে না’, বরং দ্রুত সম্পন্ন করা হবে। আইএসএনএ’র প্রতিবেদনে আলি মওয়ালেমি বলেন, নির্বাচনে ‘ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক দলের প্রভাব’ কোনোভাবেই প্রভাবিত হবে না এবং ভোটধারীরা ধর্মীয় নীতিমালা অনুযায়ী তাদের বিচারবুদ্ধি ব্যবহার করবেন।

অ্যাসেম্বলি অফ এক্সপার্টস পূর্বের মতোই বিপ্লবের শহিদ নেতার মতো ব্যক্তিত্ব নির্বাচন করবে, উল্লেখ করে প্রয়াত সুপ্রিম লিডার খামেনির প্রতি ইঙ্গিত দিয়েছেন; যিনি শনিবার যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

ইসরাইল ছাড়তে সাহায্য করার মতো ‘পরিস্থিতিতে নেই’: জেরুজালেমের মার্কিন দূতাবাস

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরাইলে অবস্থানরত নাগরিকদের জানিয়েছে, তারা দেশ ছাড়ার জন্য সরাসরি সাহায্য করতে ‘অক্ষম’। সূত্র: আল-জাজিরা

দূতাবাসের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, ইসরাইলের পর্যটন মন্ত্রণালয় টাবা সীমান্তে মিশর অভিমুখী শাটল বাস চালাচ্ছে এবং এই তথ্য শুধুমাত্র নাগরিকদের সুবিধার্থে দেয়া হয়েছে। দূতাবাস সতর্ক করেছে, এই পথে প্রস্থান করলে মার্কিন সরকার নিরাপত্তার কোনো নিশ্চয়তা দিতে পারবে না।

শাটল বাসে ওঠার জন্য আগ্রহী নাগরিকদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফরম’ পূরণ করে নিবন্ধন করতে হবে।

কুয়েতে যুক্তরাষ্ট্র দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, অঞ্চলীয় উত্তেজনার কারণে সমস্ত নিয়মিত ও জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। দূতাবাস কার্যক্রম স্বাভাবিক হলে আলাদা বিজ্ঞপ্তি দেয়া হবে।

গত সপ্তাহান্তে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে বিভিন্ন সামরিক ঘটনায় চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধিগতভাবে ‘বন্ধুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র দুর্ঘটনায়’ বিধ্বস্ত হয়েছে, যা পরিস্থিতির অস্থিতিশীলতা আরও প্রমাণ করে।

‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর অস্ত্র মজুত আছে: ট্রাম্প

‘অনন্তকাল’ ধরে লড়াই করা যেতে পারে, এত পরিমাণ অস্ত্রের মজুত তাদের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির।

ট্রাম্প লেখেন, আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!

কানাডার দূতাবাস সৌদি আরবে বন্ধ ঘোষণা

সৌদি আরবের রিয়াদে কানাডার দূতাবাস আজ বন্ধ ঘোষণা করেছে। দূতাবাস জানায়, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ সমস্ত অন-সাইট অ্যাপয়েন্ট শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।

নাগরিকদের কাছে সতর্কতার সঙ্গে অবস্থা পর্যবেক্ষণ করার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা

ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একইসঙ্গে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দাবি করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে সেন্ট্রাল কমান্ড। সেখানে তারা লিখেছে, ‘মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে।’

তথ্যসূত্র: এএফপি

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কনস্যুলার সেবা স্থগিত

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সব কনস্যুলার সেবা স্থগিত ঘোষণা করেছে। রিয়াদ, জেদ্দা ও ধাহরামসহ সমস্ত মিশনে নিয়মিত ও জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাসে হামলার কারণে যতক্ষণ না নতুন নির্দেশ আসে, সবাই দূতাবাসের এলাকা এড়িয়ে চলুন। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন মিশনে ‘শেল্টার ইন প্লেস’ কার্যকর রয়েছে, যাতে নাগরিকরা নিরাপদ স্থানে অবস্থান করতে পারেন। সূত্র: আল-জাজিরা

কাতারে সব ধরনের ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতের পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্পেন ও আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ ম্যাচ। তবে এখন সেই ম্যাচের নতুন সময়সূচি এখনও নির্ধারণ হয়নি। কিউএফএ জানিয়েছে, প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।

বৈরুতের বাসিন্দাদের জন্য ইসরাইলের ‘জরুরি সতর্কতা’ জারি

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে কয়েকটি শহর এবং কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের জন্য একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

এতে বলা হয়েছে যে, হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ভবনগুলো থেকে লোকজনকে দূরে থাকতে হবে এবং তাদের কাছাকাছি যে কেউ ঝুঁকিতে রয়েছে। আইডিএফ’র আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে।

তেহরান ও বৈরুতে ইসরাইলের হামলা

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে।

এই হামলা আসে আইডিএফ বৈরুতের দক্ষিণাঞ্চলসহ ডজনখানেক গ্রামে বসবাসকারী মানুষদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর। আইডিএফ জানিয়েছিল, তারা হেজবুল্লাহর কমান্ড সেন্টার ও মজুতঘরগুলোকে লক্ষ্য করছে।

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরাইল

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় সংঘটিত হামলার নেপথ্যে ইসরাইলের সরাসরি হাত রয়েছে বলে দাবি করেছে ইরান। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সূত্রটি এই হামলাকে একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বা ছদ্মবেশী অভিযান হিসেবে অভিহিত করেছেন। তার মতে, ইসরাইল মূলত ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে তাদের সাম্প্রতিক হামলার অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি সরিয়ে নিতেই এই ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

সামরিক সূত্রটি তাসনিম নিউজকে আরও জানিয়েছে যে, ইরান এরইমধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে মার্কিন ও ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট সকল স্থাপনা ও সুযোগ-সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করবে। তেহরান এরইমধ্যে অনেকগুলো স্থাপনায় সফলভাবে আক্রমণও চালিয়েছে, কিন্তু আরামকোর তেল স্থাপনাগুলো কখনোই ইরানের হামলার তালিকায় ছিল না।

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব ‘খুব শিগগিরই’: ট্রাম্প

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলার জবাব ‘খুব শিগগিরই’ দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম নিউজ নেশন-এর সাংবাদিক কেলি মেয়ার এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প মনে করেন না যে স্থলবাহিনী মোতায়েন করা প্রয়োজন হবে। যদিও দিনের শুরুতে তিনি বলেছিলেন, প্রয়োজন হলে স্থলবাহিনী পাঠাতে তিনি ভয় পাচ্ছেন না।

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে তারা ‘বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে।

আইআরজিসি জানায়, আজ সকালে ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে মার্কিন বিমানঘাঁটির প্রধান কমান্ড ও সদরদপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাহরাইন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানায়, আজ ভোরে ‘ড্রোনের ঝাঁক’ ব্যবহার করে বিমানঘাঁটির রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হিজবুল্লাহ আরও বলেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের প্রাণঘাতী হামলার জবাবে এ আক্রমণ চালানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিই স্পষ্ট লক্ষ্য; ইরান যেন ‘‘কখনোই পারমাণবিক অস্ত্র’’ তৈরি করতে না পারে।’

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না; তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র–ড্রোনের বেশির ভাগই ভূপাতিত করা হয়েছে: কাতার

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশির ভাগই তারা ভূপাতিত করেছে। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১০১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯৮টি, ৩৯টি ড্রোনের মধ্যে ২৪টি এবং দুটি এসইউ–টুয়েন্টি ফোর যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে দেশটি।

তথ্যসূত্র: আল জাজিরা

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেয়া হবে। খবর আল–জাজিরার। আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি গতকাল (সোমবার, ২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘প্রণালিটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে।’

ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

যুদ্ধের চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিব ছাড়াও হামলা হয়েছে আরব আমিরাত, কাতার ও কুয়েতে। সৌদি আরবের রিয়াদের মার্কিন দূতাবাসে হয়েছে ড্রোন হামলা। বিপরীতে তেহরান ও বৈরুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। অন্যদিকে যুদ্ধে এখন পর্যন্ত ৬ মার্কিন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ওয়াশিংটন।

ইরানে ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে এখনো ‘কঠোর আঘাত’ করা হয়নি। বড় হামলা এখনো বাকি। শিগগিরই ‘মূল আক্রমণ’ করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সত্যিই তা করছি। তবে এ মুহূর্তে আমরা চাই সবাই ভেতরে অবস্থান করুক। বাইরে পরিস্থিতি নিরাপদ নয়।’

পরিস্থিতি সামনে আরও অনিরাপদ হতে পারে বলে জানান ট্রাম্প।

হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন নেতানিয়াহুর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেইত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

পরিদর্শনে গিয়ে এসময় তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথাও বলেছেন।

তিনি যে এলাকা পরিদর্শনে গিয়েছেন, ওই এলাকায় আগের দিন রোববার ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে কমপক্ষে নয়জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত: আইডিএফ

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন।

এতে বলা হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুতে হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরের প্রধান হুসেইন মাকলেদকে হত্যা করা হয়েছে।

নিহত চার সেনার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।

এর আগে তিনজন নিহত খবর জানিয়েছিল দেশটি। গুরুত্বর আহত একজন সেনা সদস্যের সোমবার মৃত্যু হয়েছে বলে সেন্ট্রাল কমান্ড জানায়।

পিট হেগসেথ |ছবি: এখন টিভি

এদিকে, চারজন সেনার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ‘এই সেনারা ছিল আমাদের জাতির সেরা সন্তান।’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মাজিদ এবনেলরেজা

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নির্দেশে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলা চালিয়েছে ইরান: রেভোলিউশনারি গার্ড

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরাইলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি আজ (সোমবার, ২ মার্চ) রেভোলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরান

জাতিসংঘের পারমাণবিক সংস্থায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানিয়েছেন, মার্কিন ও ইসরাইলি বাহিনী রোববার তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে।

সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৩৫ জাতির গভর্নরদের বোর্ড মিটিংয়ের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা আবার গতকাল ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটিতে হামলা চালিয়েছে।’

ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় নিহত ১

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাসকাত গভর্নরেট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে এমকেডি ভিওয়াইওএম তেল ট্যাংকার আক্রান্ত হয়। এতে আক্রমণ চালায় বিস্ফোরক ঠাসা একটি নৌকা।

হামলার ফলে ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে এবং অন্তত একজন ক্রু নিহত হয়েছে। এছাড়া ২১ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমকে ‘নির্মূল’ করা ইসরাইলের লক্ষ্য: কাটজ

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এখন তাদের ‘নির্মূলের লক্ষ্য’। লেবাননে জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করে ৩১ জনকে হত্যা করার পর ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার সামরিক আগ্রাসনে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি এ তথ্য নিশ্চিত করেছেন। নাজাফি বলেন, ‘গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।’

ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে: রেড ক্রিসেন্ট

ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

বাগদাদের দক্ষিণে হিজবুল্লাহর অবস্থানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে এমনটি জানিয়েছেন।

হামলার পর কাতাইব হিজবুল্লাহর স্থাপনা, যানবাহন ও গুদামগুলোতে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা

এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের একজন প্রতিবেদক সূত্রের বরাত দিয়ে বলেছেন, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। তবে দ্রুতই আগুন নেভানো হয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, ইরান সৌদি তেল অবকাঠামোতে হামলা চালিয়ে থাকতে পারে।

রাস তানুরা বিশ্বের বৃহৎ তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। এই শোধনাগারটি সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। হামলার পর সতর্কতাস্বরূপ শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম হারেৎজ।

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও মানববিহীন আকাশযান (ইউএভি) হামলার “চলমান হুমকি” রয়েছে।

এক বিবৃতিতে দূতাবাস উল্লেখ করে, কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের তাদের অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার, সম্ভাব্য হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করার এবং ভবিষ্যতে অতিরিক্ত হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

আহমেদিনেজাদ জীবিত আছেন, দাবি উপদেষ্টার

জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। গতকাল ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তার মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিক আছে।’ তিনি আরও জানান, গতকাল তার নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে হামলা হয়েছে। তার তিনজন দেহরক্ষী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্য নিহত হয়েছেন। তবে ওই ভবন থেকে ১০০ মিটার দূরে থাকা তার নিজ বাসভবন অক্ষত রয়েছে এবং সেটিকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।

এর আগে, গতকালই ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আহমাদিনেজাদ ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

আমিরাত, কাতার ও বাহরাইনের বিভিন্ন জায়গা বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে আজ সোমবার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণ হয়েছে।

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। পাশাপাশি এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১ , আহত ১৪৯

ইসরাইলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত হতাহতের এ তথ্য পাওয়া গেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

সাম্প্রতিক কয়েক ঘণ্টায় উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এ ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহর হামলার পর বৈরুতে ইসরাইলের আঘাত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলার পর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করে ইসরাইল।

রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খামেনির মৃত্যু ও ইরানে হামলার নিন্দা বিভিন্ন দেশের

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকে আচ্ছন্ন বিশ্ব। পাকিস্তানের করাচিতে খামেনিপন্থি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২১ জন।

এছাড়া, ইরানি জনগণের সমর্থনে রাস্তায় নেমেছে ইরাক, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাধারণ মানুষ। এদিকে খামেনির মৃত্যু এবং ইরানে হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশ।

ইরান যুদ্ধ: ঊর্ধ্বমুখী তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মূল্যায়নের মধ্যে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। সেই সঙ্গে পুঁজিবাজারেও পতন ঘটছে।

এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দর সোমবার সর্বোচ্চ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, দিনের পরের ভাগে তা স্থিতিশীল হয়। আর আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেন্ট ক্রুডের দর প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি

ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। আজ (সোমবার, ২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টা করছে বলে খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি।

নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও এতে রাজি হয়েছেন।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’

ট্রাম্প আরও বলেন, ‘তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’

তেহরানে হামলার মাত্রা বাড়ানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।’

প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ এবং মোসাদ সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে এক বৈঠকের সময় এই নির্দেশ দিয়েছেন তিনি।

তেল আবিবের কিরিয়ার ছাদ থেকে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, ‌‘আমাদের বাহিনী এখন সর্বোচ্চ শক্তি নিয়ে তেহরানের কেন্দ্রে হামলা করছে এবং আগামী দিনগুলোতে এ হামলার মাত্রা আরও বাড়বে।’

তিনি বলেন, ‘যদিও এই দিনগুলো দুঃখের দিন। গতকাল তেলআবিবে এবং আজকে বেইত সেমেশে আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়েছি। এই পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাপ্রকাশ করছি।’

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাব দেয়ার ঘোষণা হিজবুল্লাহর

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ।

এক বিবৃতিতে লেবানন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, এই গোষ্ঠি "সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।" ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে "অপরাধের সর্বোচ্চ" হিসেবে অভিহিত করেছেন কাসেম।

তিনি বলেন, ‘বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করবো।’

আসু