এক বছরে দুই কমান্ডার নিহত; আইআরজিসির নতুন প্রধান আহমদ ওয়াহিদি

শীর্ষ কর্মকর্তাদের তালিকা
শীর্ষ কর্মকর্তাদের তালিকা | ছবি: এখন টিভি
0

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন প্রধান কমান্ডার হিসেবে জেনারেল আহমদ ওয়াহিদিকে নিয়োগ দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ (রোববার, ১ মার্চ) এ তথ্য জানিয়েছে।

এর আগে, তিনি প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং সবশেষ সশস্ত্র বাহিনীর উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) মার্কিন–ইসরাইলি হামলায় আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর ওয়াহিদিকে এ পদে নিয়োগ দেয়া হয়। পাকপুরের সঙ্গে একই হামলায় নিহত হন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে উপস্থিত থাকার সময় ওই হামলায় তারা নিহত হন।

আরও পড়ুন:

রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারে ভূমিকার কারণে আহমদ ওয়াহিদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। আইআরজিসি বা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তি। 

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটি গঠন করা হয় মূলত ইসলামি শাসনব্যবস্থা রক্ষা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি মোকাবিলার জন্য। বাহিনীটি সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে পরিচালিত হয় এবং এর নিজস্ব স্থল, নৌ ও বিমান বাহিনী রয়েছে। আল কুদস ফোর্স, বাসিজ এবং অ্যারোস্পেস ফোর্স আইআরজিসির গুরুত্বপূর্ণ শাখা হিসেবে পরিচিত।

গত এক বছরে আইআরজিসির দুইজন প্রধান কমান্ডার নিহত হন। ২০১৯ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বাহিনীর প্রধান ছিলেন হোসেইন সালামি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের জুনে বড় ধরনের সামরিক সংঘাতে তিনি নিহত হন।

তার মৃত্যুর পর ২০২৫ সালের ১৩ জুন মোহাম্মদ পাকপুর আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি আবারও হামলায় নিহত হন।

বিশ্লেষকদের মতে, এক বছরের মধ্যে দুই প্রধান কমান্ডারের নিহত হওয়া আইআরজিসির জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। নতুন প্রধান হিসেবে আহমদ ওয়াহিদির নিয়োগ বাহিনীর ভেতরে সংহতি ফেরানো এবং নেতৃত্বের শূন্যতা পূরণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে এই পরিবর্তন ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নীতিতে কী প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:

নিহত আইআরজিসি (IRGC) শীর্ষ কর্মকর্তাদের তালিকা

নাম (Name) পদবী (Position) মৃত্যুর বিবরণ (Cause of Death)
হোসেন সালামি আইআরজিসি কমান্ডার-ইন-চিফ (২০১৯-২০২৫) ২০২৫ সালের ১৩ জুন ইসরায়েলি হামলায় বহু শীর্ষ কর্মকর্তাসহ নিহত। (সূত্র: উইকিপিডিয়া)
মোহাম্মদ পাকপুর আইআরজিসি গ্রাউন্ড ফোর্স কমান্ডার (পূর্ববর্তী) ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে নিহত। (সূত্র: নিউ ইয়র্ক টাইমস)

এএম