ইরান-ইসরাইল সংঘাতে স্থগিত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা
ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা | ছবি: এখন টিভি
1

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে। নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। সে কারণে ফ্লাইট স্থগিত রাখতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটের যাত্রীরা। এছাড়া, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় বাংলাদেশি প্রবাসীদের হতাহতের সবশেষ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে আকাশ পথে অস্থিরতা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে সাময়িকভাবে মধ্যপ্রাচ্যগামী অনেক দেশে ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে সংকটে পড়েন বহুসংখ্যক যাত্রী।

অনেকে হঠাৎ জানতে পারেন ফ্লাইট বাতিল হয়েছে। কিন্তু কখন, কবে আবার ফ্লাইট চালু হবে সেই অনিশ্চয়তায় ভুগছেন যাত্রীরা। তাই ফ্লাইট বাতিল জেনেও অপেক্ষা করছেন তারা তাদের।

যাত্রীদের মধ্যে একজন বলেন, ‘কয় ঘণ্টা পর যেতে পারবো বা কত দিন পর যেতে পারবো। এটা আমাদের সুনির্দিষ্টভাবে বলেনি। আমাদের মালামাল ছিল, কিছু ফ্রিজিং করা পণ্য আছে। ওগুলো খারাপ হয়ে যেতে পারে।’

অন্য একজন বলেন, ‘এখানে এসে যে সমস্যায় পড়ছি। না যেতে পারছি গ্রামের বাড়িতে, না থাকতে পারছি এখানে।’

আরও পড়ুন:

এমন পরিস্থিতিতে যাত্রীদের খোঁজ নিতে হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের ভোগান্তি কমাতে করা হয় ৮৫০ জনের থাকার ব্যবস্থা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরি বলেন, ‘যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। গন্তব্যস্থলে পৌঁছে দেয়ারও সব ব্যবস্থা নিয়েছি আমরা।’

এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় বাংলাদেশি প্রবাসীদের হতাহতের সবশেষ তথ্য জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরি বলেন, ‘যোগাযোগ অব্যাহত আছে। আমাদের মিশনগুলোকেও বলে দেয়া হয়েছে। ওখানে যদি কোনো প্রবাসী সমস্যায় পড়ে তাহেল তাকে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছানো। কুয়েতে বলা হয়েছে, একটা বিমানবন্দরে ড্রোন হামলায় কয়েকজনের মধ্যে তিনজন বাংলাদেশি। এখন আমাদের অ্যাম্বাসি তাদের মনিটর করছে।’

সবকিছু মিলিয়ে অনিশ্চয়তা কাটছে না যাত্রীদের মনে। কবে নাগাদ আকাশ পথ স্বাভাবিক হবে সেই অপেক্ষায় মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা।

এসএস