Recent event

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন
মাদারীপুরে সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন | ছবি: এখন টিভি
0

মাদারীপুরে মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় কথা কাটাকাটির জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে টাকা লেনদেন ও পূর্ব শত্রুতার জেরে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমি বেগমের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

আরও পড়ুন:

সংঘর্ষ চলাকালে ৪৫ থেকে ৫০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত হন; নাসির হাওলাদার(৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমি বেগম এবং এক ভ্যানচালকসহ দুই ব্যক্তি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এফএস