Recent event

মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র; কূটনীতির ওপরই জোর দেয়ার দাবি হোয়াইট হাউজের

মধ্যপ্রাচ্যে বাড়ানো হচ্ছে মার্কিন সমরাস্ত্র
মধ্যপ্রাচ্যে বাড়ানো হচ্ছে মার্কিন সমরাস্ত্র | ছবি: এখন টিভি
0

ইরানকে ঘায়েল করতে মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র বাড়িয়েই চলেছে যুক্তরাষ্ট্র। সমুদ্রপথে বিশাল রণতরী মোতায়েনের পর মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলী স্টিলথ যুদ্ধবিমান। হোয়াইট হাউজ যদিও বলছে কূটনীতির ওপরই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান বলছে, কূটনীতিকে প্রাধান্য দিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানো সম্ভব।

আবারও শিক্ষার্থীদের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইরান। দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চারদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ে সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনীতিকে প্রাধান্য দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য চুক্তিতে আসা সম্ভব। তার মতে, একটি অভূতপূর্ব চুক্তিতে পৌঁছানোর এটি ঐতিহাসিক সুযোগ। তবে তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের মনোভাবের ওপর।

আরও পড়ুন:

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানান, ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি ব্যবহারেও প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিকল্প হলো কূটনীতি। তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে প্রস্তুত আছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেয়া হবে, তা এখনো কেউ জানে না।’

এদিকে, মুখে কূটনীতির কথা বললেও ইরানের চারপাশে ক্রমেই সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। আব্রাহাম লিংকনের পর যুদ্ধবিমান বহনকারী দ্বিতীয় রণতরী জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগরে অবস্থান করছে। এবার আকাশপথেও শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এগারোটি মার্কিন এফ-টুয়েন্টি টু স্টিলথ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। এছাড়া, এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ সহ কয়েক ডজন বিমানকে মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যেতে দেখা গেছে। যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে জর্ডান ও পর্তুগালে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে।

এদিকে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকের তেহরান ব্যুরো প্রধান শিনোসুকে কাওয়াশিমাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাপানি এ নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জাপান সরকার।

জেআর