দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ১৭ ফেব্রুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা।
সংবিধান অনুযায়ী নির্বাচনের ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ অধিবেশন ডাকতে হবে। নিয়ম মেনেই রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।
সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন করা হয়। বলা যায়, নির্বাচিত সংসদের প্রথম কাজ এটি। বিদায়ী স্পিকারের সভাপতিত্বে এ কাজ হয়ে থাকে। আর বিদায়ী স্পিকার নিজে প্রার্থী হলে বিদায়ী ডেপুটি স্পিকার এ সময়টাতে সভাপতিত্ব করেন।
বিদায়ী স্পিকার অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও হত্যা মামলায় কারাগারে।
পরিবর্তিত পরিস্থিতিতে এবার বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশন অর্থাৎ স্পিকার নির্বাচনের সময়টাতে সভাপতিত্ব কে করবেন, সে প্রশ্ন সামনে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর ধারা অনুযায়ী, এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত যেকোনো ব্যক্তি সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করতে পারবেন।
রাজনৈতিক বিশ্লেষক ড. ছিদ্দিকুর রহমান বলেন, ‘কোনো কারণে যদি স্পিকার বা ডেপুটি স্পিকার এ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য অযোগ্য হন অথবা যদি তারা অনুপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে জাতীয় সংসদের একজন যোগ্যতা সম্পন্ন সংসদ সদস্যদের মধ্যে থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্ব অর্পণ করতে পারেন।’
আরও পড়ুন:
এ পদ্ধতিতেই হাঁটবে আগামী সংসদ এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তার মতে, সংবিধানের নিয়ম মেনেই যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হবেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ‘বেশ কিছু কাজ আছে, যেগুলো ট্র্যাডিশনাল বা যেটা আইনের কারণে অনিবার্য বা বাধ্যতামূলক, অর্থাৎ আইনের কারণে করতেই হবে। যেমন এর আগে যখন সংসদ চালু ছিল এবং পরে যখন তা বন্ধ হলো, অর্থাৎ সংসদ কার্যকর না। তখন থেকে এখন এ সংসদ বসা পর্যন্ত যত অধ্যাদেশ ও আইন হয়েছে, এগুলো রেটিফাই করার একটা বিষয় রয়ে গেছে।’
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন টুয়েন্টি থার্টি’, দলের ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ধাপ এই সংসদ অধিবেশন, এমনটিও জানান এই রাজনৈতিক উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ‘কিছু কমিটমেন্ট আছে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার ‘‘ভিশন টুয়েন্টি থার্টি’’ থেকে শুরু করে আমাদের নেতা তারেক রহমানের ‘‘৩১ দফা কর্মসূচি’’ যার একটা অংশ মাত্র হলো জাতীয় সংস্কার কমিশন সেটাও আমরা মনে করি, যেহেতু আমরা দস্তখত করেছি অতএব সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাবটি এসেছে, সেগুলোও আমাদের কমিটমেন্টের অংশ।’
আগামী ১২ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসবে প্রথম অধিবেশন।




