Recent event

যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর

সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভা
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভা | ছবি: এখন টিভি
0

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশানাশক ওষুধ ছিটানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য দেয়ার সময় মন্ত্রী এসব নির্দেশনা দেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রলি সংকট দ্রুত সমাধান করা জরুরি। এজন্য দ্রুততম সময়ের মধ্যে ১ হাজারটি নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’

আরও পড়ুন:

পাশাপাশি যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএইচ