দীর্ঘ সহিংসতা, অস্থিরতা ও অনিশ্চয়তা পেরিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির নিরঙ্কুশ বিজয়ে প্রবাসীদের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। নতুন সরকারের কাছে যুক্তরাজ্য প্রবাসীদের আশা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি, হাইকমিশন ও কনস্যুলার সেবার মানোন্নয়ন।
প্রবাসীরা জানান, এমন একজনকে মন্ত্রী বানানোর দাবি তাদের যিনি প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করবে। আর পাসপোর্ট জটিলতার সমাধানেও উদ্যোগ নেবে সরকার প্রত্যাশা প্রবাসীদের।
আরও পড়ুন:
প্রবাসী মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা করার দাবিও প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া, দেশের অবকাঠামোগত উন্নয়ন করে নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করলে প্রবাসীদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাড়বে আস্থা, শক্তিশালী হবে অর্থনীতি। এতে করে জাতীয় উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত হবে।
প্রবাসী বাংলাদেশিদের একজন বলেন, ‘ব্যবসার জন্য যেন বাংলাদেশে নিরাপত্তা পাওয়া যায়। আর প্রবাসীদের সম্মান দেয়ার বিষয়টি সরকার যেন নজর দেয়।’
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন তিনি। প্রবাস জীবনের অভিজ্ঞতা থাকায় তার কাছে প্রত্যাশাও একটু বেশি। প্রবাসীদের সমস্যা, অবদান ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবেন তারেক রহমান এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।





