Recent event

কেন্দ্র দখল করে সিল মারলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না: আসিফ মাহমুদ

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ | ছবি: এখন টিভি
2

কেউ কেন্দ্র দখল করে সিল মারলে ও কোনো অনিয়ম করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশন কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত অনেকক্ষেত্রে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে না। টাকা পরিবহন করার কারণে হেনস্তা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এক্ষেত্রে বায়াজড। তারা নাটক মঞ্চায়ন করছে।’

তিনি বলেন, ‘আরপিওর অপব্যাখ্যা ও অপপ্রয়োগ করে ১১ দলীয় জোটের প্রার্থীদের হেনস্তা করা হচ্ছে। একসঙ্গে যোগসাজশে আমাদের বিরুদ্ধে বাড়িয়ে বাড়িয়ে নিউজ করে ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়। এর প্রতিবাদ জানাই।’

অর্থ পরিবহনের ফলে হেনস্তা না করে প্রশাসনের নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ।

আরও পড়ুন:

এনসিপি মুখপাত্র বলেন, ‘যেসব আসনে বিএনপির দুর্বল প্রার্থী, সেসব আসনে বিএনপি নির্বাচন বানচাল করার পায়তারা করছে। পর্যবেক্ষকরা ভালোভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে, এমন সুযোগ দেয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘কেউ কেন্দ্র দখল করে সিল মারলে, কোনো অনিয়ম করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। প্রতিরোধ গড়ে তুলবো। শেষ পর্যন্ত মাঠ ছাড়বো না। যেকোনো জরুরি সিদ্ধান্ত ১১ দলীয় জোটের একসঙ্গে গ্রহণ করে জানাবো।’

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, ‘হান্নান মাসউদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে। সারজিস আলমের গাড়ি বহরের ওপর হামলা করা হয়েছে। জামাত আমীরের নির্বাচনি বুথে হামলা করা হয়েছে। আমরা এটার নিন্দা জানাই। অভিযোগ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

আরও পড়ুন:

তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ধানের শীষের ভোট চাওয়ার কথা শুনছি। এসব কারণে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কীভাবে বলি? মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে বিএনপির তৈরি প্রোপাগাণ্ডা প্রচার করা হচ্ছে।’

এসময় নির্বাচন প্রভাবিত করতে মিডিয়াও কাজ করছে বলে অভিযোগ করেন মনিরা শারমিন।


এসএস