মেসি নাকি রোনালদো, কে সেরা? দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তরে বারবার ভাগ হয়েছে বিশ্ব। কারো মতে, সে বিতর্কের অবসান হয়েছে ২০২২ সালে লিওনেল মেসির বিশ্বকাপ উঁচিয়ে ধরার মাধ্যমে। কেউ আবার তর্ক চালিয়ে যেতে চান।
লিওনেল মেসির স্মরণীয় বিদায়ের দিনে আরও একবার তাকানো যাক চিরকালীন এই বিতর্কের দিকেও। দেখা যাক পরিসংখ্যানের বিচারে কার অবস্থান কোথায়?
জাতীয় দলের পরিসংখ্যানে লিওনেল মেসির চেয়ে ২৬ ম্যাচ বেশি খেলে ২০টি গোল বেশি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলসংখ্যায় এগিয়ে থাকলেও, অ্যাসিস্ট, আন্তর্জাতিক হ্যাটট্রিক, ম্যাচসেরা বা ক্যারিয়ারে ম্যাচপ্রতি গড় রেটিং সবক্ষেত্রেই সিআর সেভেনের চেয়ে এগিয়ে এলএমটেন।
আরও পড়ুন:
অর্জনের খাতায়ও আর্জেন্টাইন মহাতারকা অনেকটাই এগিয়ে। ফুটবলের ‘আল্টিমেট গ্লোরি’ খ্যাত বিশ্বকাপ হাতে উঠেছে লিওনেল মেসির হাতে। জাতীয় দলে ফ্লপ, দীর্ঘদিন ধরে গায়ের সঙ্গে জুড়ে থাকা তকমা ঘুচিয়েছেন দুই কোপা আমেরিকা, ফিনালিসিমার পাশাপাশি বিশ্বকাপ জয় করে। অন্যদিকে পর্তুগালকে একটি ইউরো ও দু’টি নেশন্স লিগ জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
জাতীয় দলের জার্সিতে ব্যক্তিগত অর্জনেও রোনালদোর চেয়ে যোজন যোজন এগিয়ে মেসি। প্রতিটি বড় টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। যার স্বীকৃতি হিসেবে পেয়েছেন দু’টি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকার গোল্ডেন বল, একটি কোপা আমেরিকার গোল্ডেন বুট। সেই সঙ্গে অর্জনের ঝুলিতে রয়েছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গোল্ডেন বল ও বুটও। ইউরোতে একবার গোল্ডেন বুট পেলেও, দলকে সেবার ট্রফি জেতাতে পারেননি ক্রিস্টিয়ানো।
আরও পড়ুন:
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের মাধ্যমে অবসান হয়েছে ফুটবলের অনিন্দ্য সুন্দর এই দ্বৈরথের। বিতর্ক হোক আর যাই হোক, দু’জন ফুটবলকে উপহার দিয়েছেন স্মরণীয় সব মুহূর্ত।





