সম্প্রতি বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ ও দুই পরিচালক পাইলট ও নাজমুল ইসলামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল তুলেছে। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন ফারুক আহমেদ। তার দাবি, ছবিটিতে এআই-এর কারসাজি থাকতে পারে। বিসিবি সহ-সভাপতির দাবি সেখানে কোনো বিতর্ক নয়, বরং রংপুর ক্রিকেট একাডেমি বিষয়ে আলোচনা চলছিল। প্রশ্ন তুলেছেন নেপথ্যের প্রেক্ষাপট না জেনে ‘মনগড়া গল্প’ লেখা নিয়েও।
ফারুক আহমেদ বলেন, ‘ছবিটিতে আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। যদি এক্স্যাক্টলি কন্টেক্সটটা না জানে, এরকম কোনো ছবি ব্যবহার করা উচিত নয়, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি। এ ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার দরকার নেই, আমার মনে হয়। আপনি যদি কোনো ছবি তোলেন, যদি পাইলট, আমি বা নাজমুল সাহেবের সঙ্গে কেউ কথা বলে থাকে, যদি কিছু পান, আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন, সেটা কোনো ভালো সাংবাদিকতার উদাহরণ নয়।’
বিসিবির অফিসিয়াল নয় বরং ব্যক্তিগত ইমেইল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ নোটিশ পাঠানোর বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করলেও বিষয়টিকে প্রোটোকলের বিচ্যুতি হিসেবেই দেখছেন তিনি। তবে যুক্তিও তুলে ধরেছেন। অন্যদিকে, আইসিসির সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে বিসিবির অনড় অবস্থানের কথা আবারো জানালেন তিনি।
বিসিবির সহ-সভাপতি বলেন, ‘বোর্ডের সবকিছু কিন্তু এখন হয়তো স্মুথলি যাচ্ছে না। বিশ্বকাপে আমরা যেতে পারিনি নিরাপত্তা ইস্যুতে। “হাজারো” কারণ আছে এর পেছনে। অনেকে হয়তো মনে করছে যে যেতে পারতো, তবে আমরা আগেও উল্লেখ করেছি, আইসিসি এমন কিছু করেনি যে, আমাদের কোনো নিরাপত্তার পথ দেখিয়েছে বা নতুন করে যাওয়া উচিত। স্ট্যান্ডার্ড প্রোটোকলও আমরা পাইনি।’
সব শেষে ঘরোয়া ক্রিকেট ও থার্ড ডিভিশন নিয়ে ফারুক আহমেদের বার্তা ছিল বেশ কড়া। তার মতে, মাঠের খেলা বন্ধ থাকলে দিনশেষে ক্ষতি ক্রিকেটেরই। প্রতিবাদ চলুক, তবে ক্রিকেটকে মাঠে রেখেই। আর খুব শীঘ্রই চালু হবে থার্ড ডিভিশন।
ফারুক বলেন, ‘ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি। আপনি আজকে কে বোর্ডে আছে, কে নেই—এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায়, তাহলে খেলা খেলা বর্জন করে কোনোভাবেই এটা হতে পারে না। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাতে মাঠে খেলাটা হয়। খেলা বন্ধ করা প্রতিবাদের ভাষা কখনোই হতে পারে না। খেলাটা মাঠে থাকতে হবে, তার পরে আপনি যা করার করবেন।’
এখন দেখার বিষয়, বিসিবির শীর্ষ কর্মকর্তার এমন সাহসী ও স্পষ্ট অবস্থান মাঠের বাইরের ঘোলাজল কতটা পরিষ্কার করতে পারে।





