সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: আইসিটিমন্ত্রী

ফকির মাহবুব আনাম
ফকির মাহবুব আনাম | ছবি: সংগৃহীত
0

জনবান্ধব সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ (সোমবার, ২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সভাকক্ষে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ডাক বিভাগ এখন কেবল চিঠি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি আধুনিক ও বহুমুখী সেবা নেটওয়ার্কে পরিণত হয়েছে। পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেয়ার মাধ্যমে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশব্যাপী বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক ও বিপুল জনবলকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত আধুনিক ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব। এজন্য প্রয়োজন সময়োপযোগী সংস্কার, আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ।’

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ‘বাংলাদেশ ডাক অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে সফল হয়েছে। নির্বাচনি ব্যালট বিতরণ ও জরুরি কার্যক্রমে ডাক বিভাগের অবদান প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তি, অ্যাড্রেস ম্যানেজমেন্ট, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পুরনো আইন ও অধ্যাদেশ আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে।’

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এফএস