দুরন্ত একাদশের বিপক্ষে নামের ভারে এমনিই এগিয়ে ছিল দুর্বার একাদশ। তবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের তৃতীয় ম্যাচে পেসার খালেদ আহমেদ যেন নিজেকে আলাদাভাবে চেনাতেই মাঠে নেমেছিলেন। মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে দুরন্তকে কম রানে আটকে রাখতে মুখ্য ভূমিকা রাখেন। ম্যাচ সেরাও তিনিই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালো বোলিংয়ের পেছনে রহস্য জানান খালেদ।
দুর্বার একাদশের পেসার সৈয়দ খালেদ আহমেদ বলেন, ‘আমার চেষ্টা ছিল লেন্থ হিট করা আর সেটাই করে যাচ্ছিলাম। আমি যদি এলোমেলো বল করি তাহলে মার দেবে, তাই আমার চেষ্টা ছিল স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা।’
এদিকে দল হারলেও আলাদাভাবে নজর কেড়েছেন আব্দুল গাফফার সাকলাইন। নিজের ধারাবাহিক সাফল্যের কারণ জানান তিনি।
আরও পড়ুন:
দুরন্ত একাদশের অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন বলেন, ‘যখন দলে ডাক পেয়েছিলাম, তখন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কাজ করেছি, আমার কোচ ছিল ডেভিড হ্যাম্প ও রাজিন স্যার। তারা আমাদের ভুল ধরিয়ে দিয়েছে। উইলিংলি কাজ করছি, ডে বাই ডে ভালো হচ্ছে।’
দারুণ বোলিংয়ে দলকে ফাইনালে তোলার পর খালেদের চোখ শিরোপার দিকে। ফাইনালে দর্শক আগমন নিয়ে প্রত্যাশার কথা জানান তিনি।
দুর্বার একাদশের পেসার সৈয়দ খালেদ আহমেদ বলেন, ‘দেশের খেলা যেমন ক্রাউড হয়, আমাদের দলকে যেমন সাপোর্ট করেন তারা, তাই আমি সব সময়ই ক্রাউডদের কৃতজ্ঞ। আমি বলবো বিশ্বকাপে যেতে পারি নাই ঠিকই কিন্তু আগামী ৯ তারিখে যে ফাইনাল হবে আমরা চাইবো যেন পুরো মাঠ দর্শক ভরা থাকে।’
৩ দলের অদম্য কাপে দুই ফাইনালিস্ট চূড়ান্ত। ধূমকেতুকে এগিয়ে রাখলেও নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছুর প্রত্যাশা খালেদ আহমেদের।





