Recent event

পল্লবীতে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

উদ্ধারকৃত মরদেহগুলো
উদ্ধারকৃত মরদেহগুলো | ছবি: এখন টিভি
0

রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দুই শিশু ও এক দম্পতিসহ একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর-১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে আলামত সংগ্রহ করে এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পল্লবী থানা পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

পল্লবী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শাহীন আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল নাকি অন্য কোনোভাবে কেউ প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক সন্দেহ অনুযায়ী, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় পুলিশ।

জানা যায়, পুলিশ নিহতের স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা তৃতীয় কারও সম্পৃক্ততা আছে কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যু বা নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

এসএইচ