আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যাশা করছি উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিস পর্যায়ে যারা আছেন, প্রত্যেকেই তাদের দায়িত্বশীলতার পরিচয় দেবেন। যেকোনো দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান “জিরো টলারেন্স”। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে আমি সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানাবো। আমরা সততাকে সঙ্গে এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে চাই। জনগণের সরকার হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই। আশা করি ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিতর্কগুলোর অবসান ঘটাতে পারবেন।’
আরও পড়ুন:
নদী ও খাল খনন নিয়ে তিনি বলেন, ‘শুধু নদী নয়, খাল খননও আমাদের নির্বাচনি ইশতেহারের কর্মসূচিতে রয়েছে। আমাদের এই অঞ্চলে অনেকগুলো খাল ছিল, যার অনেকগুলোই এখন বেদখল হয়ে গেছে। কোথাও কোথাও হয়তো অন্য মন্ত্রণালয় জমি বরাদ্দ নিয়ে নিয়েছে, আমরা সেগুলো খতিয়ে দেখব। প্রাথমিকভাবে দুর্গাপুর উপজেলা প্রশাসন থেকে দুটি খাল নির্বাচিত করা হয়েছে, যার খনন কাজ অচিরেই শুরু হবে। আমরা নদীর পাশাপাশি খাল খননেও জোর দিচ্ছি। কারণ এটি শুধু সৌন্দর্যের জন্য নয়; আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সেচের জন্য বিকল্প মাধ্যম হতে পারে নদী ও খাল।’
কায়সার কামাল বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই খাল খনন কর্মসূচি দীর্ঘদিন বন্ধ ছিলো। আমাদের প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারেও এটি রেখেছিলেন এবং শপথ নেয়ার পর তিনি খাল খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আমরা প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে চালিয়ে যাচ্ছি এবং আশা করি এর সুফল জনগণ দ্রুতই ভোগ করবেন।’
উল্লেখ্য, শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনি এলাকা নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুর্গাপুর উপজেলায় প্রথম সরকারি সফরে আসেন তিনি। দুপুরে দুর্গাপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এসময় তিনি বৃক্ষরোপণ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।





