Recent event

আবুধাবিতে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় ত্রিপক্ষীয় আলোচনা

যুদ্ধ নিরসনে মধ্যস্থতাকারীদের প্রস্তাবে গুরুত্ব দেবে কিয়েভ
যুদ্ধ নিরসনে মধ্যস্থতাকারীদের প্রস্তাবে গুরুত্ব দেবে কিয়েভ | ছবি: এখন টিভি
0

আবুধাবিতে দ্বিতীয় দফায় আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। আলোচনায় সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী পক্ষগুলোর দেয়া প্রস্তাবগুলোকে কিয়েভ প্রাধান্য দেবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় কিয়েভের জ্বালানি অবকাঠামোতে সংঘটিত রুশ হামলার নিন্দা জানান তিনি। এদিকে, রাশিয়া ও ইউক্রেন বেশ কিছু অমীমাংসিত বিষয়ে সমঝোতায় পৌঁছেছে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

হাঁড় কাঁপানো শীতে কাঁপছে ইউক্রেন। একদিকে রুশ আক্রমণের শঙ্কা, অন্যদিকে মাইনাসের নিচে থাকা তাপমাত্রা। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা ইউক্রেনবাসীর জীবনে। তবে এর মাঝেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে প্রতিপক্ষ রাশিয়া। গতকাল (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) কিয়েভে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এ বছরের সবচেয়ে বড় বিমান হামলা চালায় মস্কো। এতে পুরোপুরি লণ্ডভণ্ড কিয়েভের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবকাঠামো। বিদ্যুৎহীন কয়েক হাজার মানুষ।

দিএছাড়া, একই নে জাপোরিঝিয়া ও খারকিভেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, গতকাল (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) ইউক্রেনজুড়ে ৪৫০ টি ড্রোন ও ৫০ টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। শীতের মাঝে রুশ অব্যাহত হামলায় ক্ষোভের ঝড় জেলেনস্কির কণ্ঠে। জানান, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে কিয়েভ।

আরও পড়ুন:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘কূটনৈতিক আলোচনার মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর প্রস্তাব দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ হতে। এছাড়া শীতের মাঝে হামলা বন্ধ রাখতেও রাশিয়েকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু রাশিয়ার এগুলোর জবাব দিল, কিয়েভের জ্বালানি স্থাপনায় রেকর্ডসংখ্যক হামলার মাধ্যমে। যদি রাশিয়া তাদের প্রতিশ্রুতি ধরে না রাখে, তাহলে সামনের দিনগুলোতে তাদের কাছে কী প্রত্যাশা করব?’

এছাড়া, কিয়েভে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী পক্ষগুলোর যেকোনো উদ্যোগকে কিয়েভ স্বাগত জানাবে বলে ন্যাটোকে নিশ্চিত করেন জেলেনস্কি। জানান, বুধ ও বৃহস্পতিবার ২য় দফায় আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রুশ প্রতিনিধি দলের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসবে। এসময় কথা বলেন ন্যাটো মহাসচিবও। তার কণ্ঠেও ছিল রাশিয়ার প্রতি নিন্দা।

ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্র প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে। বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য। এটা যুদ্ধের জেতার কোনো কৌশল হতে পারে না।’

এদিকে, হোয়াইট হাউজে রুশ হামলার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। জানান ঘটনাটি শুনে অবাক হননি প্রেসিডেন্ট।

অন্যদিকে, আবু ধাবিতে ২য় দফার ত্রিপক্ষীয় আলোচনার বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দোদুল্যমান কিছু এজেন্ডায় সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। তবে কিছু বিষয়ে সমাধান এখনও বাকী বলেও জানান তিনি।

জেআর