নারী এশিয়ান কাপের লড়াইয়ের আগে, নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ার সিডনিতে জোরসেরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সাথে ক্লোজডোর ম্যাচের পর বৃহস্পতিবার রিকভারি সেশনে সাঁতার কেটে সতেজ হয়েছেন সাবিনারা। মূল লক্ষ্য ছিল শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার।
আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সিডনিতে পঞ্চম অনুশীলন সেশনে প্রথমবারের মতো তারা পা রাখেন এএফসি নির্ধারিত জুবিলি স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় তাদের মূল অনুশীলন, যেখানে দলের সবাই বেশ মনোযোগী ছিলেন। মেডিকেল টিমের মতে, স্কোয়াডে কোনো চোট নেই।
বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘ওয়েদারের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে এই রৌদ্র এই বৃষ্টি। তারপরও আমরা চেষ্টা করছি, ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে ট্রেইনিং করতে। দলে তেমন কোনো ইনজুরি নেই। ছোটখাটো ইনজুরি যেটা আছে— ফিজিও আছে, আলহামদুলিল্লাহ ওটা রিকভারি হচ্ছে।’
আরও পড়ুন:
সিডনির শীতল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দেড় ঘণ্টার সেশনে ছিল সর্বোচ্চ তীব্রতা। টেকনিক্যাল ড্রিল ও নিজেদের মধ্যে ২০ মিনিটের ম্যাচ খেলে ঘাম ঝরিয়েছেন মেয়েরা, যা তাদের দক্ষতা ও সমন্বয়কে শাণিত করেছে। অনুশীলনের মাঠ নিয়েও খুবই খুশি বাংলাদেশের মেয়েরা। সহকারী কোচ অনন্যা জানান, আরও বেশি অনুশীলনের ইচ্ছাও ছিল দলের।
তিনি বলেন, ‘এত সুন্দর মাঠ, সবকিছু এত অরগানাইজড—মাঠ দেখে শুধু খেলোয়াড়দেরই নয়, আমাদেরও ভালো লেগেছে। তারা চাচ্ছে যে, প্রতি মুহূর্তে যদি ট্রেইনিংয়ের সময়টা আরেকটু বেশি থাকতো, তাহলে ভালো হতো। আজকে আমরা দুই ঘণ্টার জন্য ফিল্ড পেয়েছি।’
আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে বড় লড়াইয়ের জন্য পরিশ্রমের কমতি রাখছে না মেয়েরা। একদিন বিশ্রামের পর শনিবার থেকে শুরু হবে তাদের চূড়ান্ত প্রস্তুতি।


 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)


