Recent event

বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম | ছবি: এখন টিভি
0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে কথা হয়েছে।

আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারতের হাই কমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা উনারা করছেন। সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।’

শামা ওবায়েদ বলেন, নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। এ দলপক্ষের নামে মারামারি কোন্দল এগুলো বন্ধ করতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী যদুনন্দী সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কি ভাবে উন্নতি করা যায় রাস্তাঘাট কি ভাবে ঠিক করা যায় সেই দিকে আমাদের কাজ করতে হবে। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের মেয়ে/সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে/সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নাই। আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই আমি সবার এমপি আমি কিন্তু বিএনপির এমপি না।’

তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ‘সব রকম অপকর্ম থেকে দূরে থেকে রমজান মাসে জনগণের সেবায় নিয়োজিত থাকেন। কোনো উল্টাপাল্টা কাজ কোনো দুই নম্বরি কাজে যদি আমি কাউকে জড়িত হতে দেখি তাহলে আইন আইনের গতিতে চলবে সে যে দলেরই হোক সে যে মতেরই হোক সে যে ধর্মের-ই হোক।’

দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা প্রমুখ।

এএইচ