Recent event

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা
গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা | ছবি: আইএসপিআর
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানরা গাজীপুরে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মঙ্গলবার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে গাজীপুর যান। সফরে তিন বাহিনীর প্রধানরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

আইএসপিআর জানায়, মতবিনিময় সভায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা মাঠ পর্যায়ে দায়িত্বরতদের উদ্দেশে দিকনির্দেশনা দেন এবং নির্বাচনের প্রতিটি ধাপে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এছাড়া, সাধারণ মানুষের সঙ্গে নাগরিকবান্ধব ও ধৈর্য্যশীল আচরণ বজায় রেখে পেশাদারিত্বের সর্বোচ্চ মান এবং কঠোর শৃঙ্খলা রক্ষা করে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বাহিনীর প্রধানরা।

এ সফরে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও অসামরিক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ