দেশে পৌঁছে ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন ফুটবলাররা, মেসির আবেগঘন বার্তা

দেশে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন ফুটবলাররা
দেশে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন ফুটবলাররা | ছবি: সংগৃহীত
0

কষ্টটা অনেক বেশি, ক্ষত শুকাতে সময় লাগবে, তবে সুন্দর স্মৃতিগুলো মনে রাখতে চান ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজের ইন্সটাগ্রাম বার্তায় এমনই এক আবেগঘন বার্তা তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই সাথে খারাপ সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি জানান কৃতজ্ঞতা। বিশ্বকাপ শেষে দেশে ফিরলে বিমানবন্দরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হন আলবিসেলেস্তেরা। তবে দলের সঙ্গে ছিলেন না মেসি ও ডি পল।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও দেশে ফিরেই ভালোবাসায় সিক্ত হলো আর্জেন্টিনা ফুটবল দল। সোমবার (২০ জুলাই) রাজধানী বুয়েনস আইরেসের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর পর্যন্ত পুরো সড়কজুড়ে ভিড় করেন হাজার হাজার সমর্থক। জাতীয় পতাকা, ব্যানার আর স্লোগানে তারা জানিয়ে দেন শিরোপা হাতছাড়া হলেও দলের প্রতি তাদের ভালোবাসা একটুও কমেনি।

তবে দেশে ফেরার বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, দলের একটি অংশ এবং কোচিং স্টাফ দেশে ফিরলেও মেসি ও রদ্রিগো ডি পল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান ক্লাব মায়ামিতে যোগ দিতে।

ফাইনালে হারের পর উৎসবের কোনো আবহ ছিলো না আর্জেন্টিনা শিবিরে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খেলোয়াড়দের মনোভাবও ছিল অনেকটাই নীরব। যদিও প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ঘোষণা দিয়েছেন, খেলোয়াড়রা যখনই উদযাপন করতে চাইবেন, সেদিনই জাতীয় ছুটি ঘোষণা করা হবে।

এবার আর কোনো বিশ্লেষণ নয়, শুধু কষ্ট। স্বপ্নের খুব কাছে গিয়ে শিরোপা ছুঁতে পারলো না আর্জেন্টিনা। ফাইনালে শেষ বাঁশি বাজতেই যেন থেমে গেল লিওনেল মেসির পৃথিবী। মাঠের মাঝখানে বসে পড়লেন তিনি, চোখ বেয়ে নেমে এলো অশ্রু। যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেটি রয়ে গেল অপূর্ণই।

আরও পড়ুন:

তবে সময় গড়াতেই ভক্তদের উদ্দেশে নিজের নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন, বেদনাটা অনেক বেশি, এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু এই যাত্রার সুন্দর স্মৃতিগুলোও তিনি মনে রাখতে চান।

হারের কষ্টের মধ্যেও তিনি ভুলে যাননি দলের লড়াইয়ের গল্প। তিনি বলেছেন, প্রতিটি ম্যাচে আর্জেন্টিনা নিজেদের শেষ শক্তিটুকু দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। কোটি সমর্থকের ভালোবাসা আর সতীর্থদের অক্লান্ত পরিশ্রমই দলকে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছে।

মেসি মনে করিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার এই অর্জনের মূল্য বোঝা কঠিন। কিন্তু ইতিহাস বলবে, এই দল টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। আর সেটিও কম গৌরবের নয়। বার্তার শেষ অংশে আর্জেন্টাইন সমর্থকদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তিনি বলেছেন, পুরো দেশ আবারও এক হয়ে এই যাত্রায় পাশে ছিলো। সেই ভালোবাসার ঋণ কখনও শোধ হবে না।

আর নিজের অসীম হতাশার মধ্যেও দেখিয়েছেন প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতা। এক বাক্যে অভিনন্দন জানিয়েছেন নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে।

এসএইচ